কৃষ্ণ সাগরে রোমানিয়ার কৌশলগত সুলিনা খালের কাছে ড্রোন হামলার শিকার হয়েছে তিনটি বাণিজ্যিক জাহাজ। শনিবার গভীর রাতে সংঘটিত এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্রুদের তৎপরতায় জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনার পর দেশটির সশস্ত্র বাহিনী দুবার যুদ্ধবিমান স্ক্র্যাম্বল (জরুরি উড্ডয়ন) করতে বাধ্য হয়েছে।
রোমানিয়ার প্রধানমন্ত্রী লুকা নিকুলেস্কু রোববার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেন, এই ধরনের ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের কারণেই কৃষ্ণ সাগরের এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটছে বলে মন্তব্য করেন তিনি। তবে রাশিয়ার পক্ষ থেকে প্রতিবেশী দেশে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী স্টেফান রাদু ওপ্রেয়া জানান, ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর মধ্যে রয়েছে গ্রিক পতাকাবাহী তেল ও কেমিক্যাল ট্যাংকার ‘এভিয়া পেট্রোল ভি’ এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মারসল’ ও তেল পণ্যবাহী ট্যাংকার ‘আলি নাজাফভ’।
এর মধ্যে এভিয়া পেট্রোল ভি ও মারসল সুলিনা খালের দক্ষিণ-পূর্বে মাত্র ৪ ও ৫ নটিক্যাল মাইল দূরে রোমানিয়ার নিজস্ব জলসীমার ভেতরেই হামলার শিকার হয়। এছাড়া, শুক্রবার দেরিতে ‘লারিসা ১’ নামের পালাউয়ের পতাকাবাহী আরেকটি সাধারণ কার্গো জাহাজও ড্রোন হামলার মুখে পড়েছিল।
এই পরিস্থিতিতে ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোর প্রতি জোরালো সংহতি ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানান, নজরদারি বিমান দিয়ে টহল বাড়ানো এবং ড্রোন প্রতিরক্ষামূলক যুদ্ধাস্ত্র দিয়ে সহায়তা পেতে চলতি সপ্তাহে ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে বিষয়টি তুলবেন তিনি। ইতোমধ্যে রোমানিয়ার অনুরোধে ফ্রান্স সেখানে ‘আটলান্টিক ২’ সামুদ্রিক টহল বিমান অস্থায়ীভাবে মোতায়েন করেছে।
বিশ্লেষকদের মতে, ন্যাটো সদস্য রোমানিয়া ও বুলগেরিয়ার কাছাকাছি এলাকায় বাণিজ্যিক জাহাজে এই ধরনের মারাত্মক হামলাগুলো প্রমাণ করে,রাশিয়া-ইউক্রেন সামুদ্রিক যুদ্ধ কৃষ্ণ সাগরে ন্যাটোর জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। উল্লেখ্য, সুলিনা খালটি দানিউব নদীকে কৃষ্ণ সাগরের সঙ্গে সংযুক্তকারী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোমানীয় শিপিং লেন, যা ইউক্রেনের রপ্তানি বাণিজ্যের জন্যও অত্যন্ত অপরিহার্য।
জর্ডানে গির্জা হামলায় তিন জঙ্গির মৃত্যুদণ্ড
একদিনেই ক্যানারি দ্বীপপুঞ্জে দেড় হাজার অভিবাসী!