- গ্রেপ্তার এসপি জাহাংগীর আলমের মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য
- আওয়ামী লীগ নেতাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে নিয়মিত বার্তা
- বার্তায় ডিসেম্বরে ‘জীবন-মরণ বাজি’ রেখে মাঠে নামার উল্লেখ
- ফরেনসিক পরীক্ষায় সত্যতা মেলায় নেয়া হয়েছে আইনগত ব্যবস্থা
- চলছে এসপি জাহাংগীর আলমকে সাময়িকভাবে বরখাস্তের প্রক্রিয়া
চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য। মামলার এজাহার অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি।
এমনকি ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা এবং ‘জীবন-মরণ বাজি’ রেখে রাজপথে নামার মতো অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের বার্তাও পাঠিয়েছিলেন ২৮তম বিসিএসের এই পুলিশ কর্মকর্তা।
শনিবার রাতে চট্টগ্রাম নগরের পুলিশ অফিসার্স মেস থেকে জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমোদন নিয়ে চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী। গ্রেপ্তার জাহাংগীর আলমের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার তারপাশা এলাকায়।

ফোনে পাওয়া বিস্ফোরক সব বার্তা: মামলার এজাহারে জাহাংগীর আলমের পাঠানো বেশ কিছু বার্তার হুবহু বিবরণ তুলে ধরা হয়েছে। নথি অনুযায়ী, গত ৮ নভেম্বর রাতে নিজের ব্যক্তিগত মুঠোফোনের হোয়াটসঅ্যাপ থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একাধিক পলাতক নেতাকে বার্তা পাঠান তিনি। রাত ৯টা ২৩ মিনিটে ইংরেজিতে পাঠানো এক বার্তায় তিনি লেখেন, ‘স্যার, আপনার জন্য শুভকামনা। ইনশা আল্লাহ, ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে। ভালো থাকবেন স্যার’।
এর ঠিক আধা ঘণ্টা পর, রাত ৯টা ৫৭ মিনিটে আরেকটি দীর্ঘ বার্তা পাঠান এসপি জাহাংগীর। সেখানে লেখা ছিল, ‘আসসালামু আলাইকুম স্যার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার, শুভ কামনা। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’। ওই একই বার্তায় তিনি নিজের পারিবারিক রাজনৈতিক আদর্শের কথা উল্লেখ করে আরও লেখেন, ‘১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার’।

এজাহারে অভিযোগ করা হয়েছে, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও জাহাংগীর আলম টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা ও তাঁদের মদদদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বর্তমান সরকার ও সাংবিধানিক শাসনব্যবস্থা উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
যেভাবে ফাঁস হলো ষড়যন্ত্র: পুরো বিষয়টি কীভাবে উদ্ঘাটিত হলো, তা জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে গোপন তথ্য পাওয়ার পর গত মঙ্গলবার এসপি জাহাংগীরের ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করে তাকে নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করে ফোন দুটির ফরেনসিক পরীক্ষা করা হলে এসব ডিজিটাল আলামত ও বার্তার সত্যতা মেলে। ডিআইজি বলেন, মুঠোফোনে তাঁর পাঠানো দুটি বড় বার্তা আমরা পেয়েছি, একটি হলো ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা এবং অন্যটি হলো ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামা।
ডিআইজি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানের প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং নিয়মিত মামলার পাশাপাশি প্রচলিত আইন অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ বাহিনীর অন্য কোনো কর্মকর্তা এই চক্রে জড়িত আছেন কি না, তা নিয়মিত ও বিভাগীয় উভয় তদন্তেই খতিয়ে দেখা হচ্ছে।
হ্যাকিংয়ের দাবি স্ত্রীর: রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীর রিমান্ড শুনানি শেষে এসপি জাহাংগীর আলমকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী মাসুমা আক্তার। সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, “আমার স্বামীর মুঠোফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে। আমার স্বামী নির্দোষ এবং তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না।
