ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের ছক কষছে পেন্টাগন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হামলার নির্দেশ দেন, তবে ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। রয়টার্সকে দেয়া দুই মার্কিন কর্মকর্তার এই ইঙ্গিত দিচ্ছে যে, দুই দেশের মধ্যে এবারকার সংঘাত আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভয়াবহ রূপ নিতে পারে।

পরিকল্পনার সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কূটনৈতিক তৎপরতা চলছে, এই সামরিক প্রস্তুতি তার গুরুত্ব ও ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। গত সপ্তাহে ওমানে দুই দেশের কূটনীতিকরা পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন।

মূলত ওই অঞ্চলে ট্রাম্পের ব্যাপক সেনা সমাবেশ এবং নতুন করে যুদ্ধের আশঙ্কার প্রেক্ষাপটেই এই আলোচনার উদ্যোগ নেয়া হয়।

শুক্রবার মার্কিন কর্মকর্তারা জানান, পেন্টাগন মধ্যপ্রাচ্যে একটি অতিরিক্ত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে হাজার হাজার অতিরিক্ত সৈন্য, অত্যাধুনিক যুদ্ধবিমান এবং গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, যা আক্রমণ ও প্রতিরক্ষা, উভয় ক্ষেত্রেই সমান কার্যকর।

ছবি: সংগৃহীত
উত্তর ক্যারোলিনার একটি সামরিক ঘাঁটিতে সেনাদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তিনি আরও যোগ করেন, কখনো কখনো ভীতি ছড়ানোর প্রয়োজন হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কেবল এটিই একমাত্র পথ।

সম্ভাব্য দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি বলেন, ইরান ইস্যুতে ট্রাম্পের কাছে সব পথই খোলা রয়েছে। তবে পেন্টাগন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গত বছরও যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে দুটি রণতরী পাঠিয়েছিল এবং ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল। তবে জুনের সেই 'মিডনাইট হ্যামার' অপারেশনটি ছিল মূলত এককালীন ঝটিকা আক্রমণ। সেবার যুক্তরাষ্ট্র থেকে স্টেলথ বোমারু বিমান উড়ে গিয়ে হামলা চালিয়েছিল এবং ইরানও কাতারের একটি মার্কিন ঘাঁটিতে অত্যন্ত সীমিত পাল্টা হামলা চালিয়েছিল।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এবারের পরিকল্পনাটি অনেক বেশি জটিল। এক কর্মকর্তার মতে, দীর্ঘমেয়াদী অভিযানের ক্ষেত্রে মার্কিন বাহিনী শুধু পরমাণু স্থাপনা নয়, বরং ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এমন অভিযানে মার্কিন বাহিনীর ঝুঁকি বেশি হবে। কারণ ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে এবং তাদের পাল্টা আঘাত পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে দিতে পারে।

সংশ্লিষ্ট ওই কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্র পুরোপুরি নিশ্চিত, ইরান পাল্টা হামলা চালাবে, যার ফলে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে আক্রমণ ও প্রতিশোধের পালা চলতে পারে। তবে পাল্টা হামলা বা আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি নিয়ে হোয়াইট হাউস বা পেন্টাগন কোনো মন্তব্য করেনি।

ছবি: সংগৃহীত
পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং অভ্যন্তরীণ দমনের অভিযোগে ট্রাম্প বারবার ইরানকে বোমা মারার হুমকি দিয়ে আসছেন। বৃহস্পতিবার তিনি সতর্ক করে বলেছিলেন, কূটনৈতিক সমাধান না হলে এর বিকল্প হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক।

অন্যদিকে, ইরানের রেভল্যুশনারি গার্ডস হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের ভূখণ্ডে হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত যেকোনো মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে। বর্তমানে জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

বুধবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তাতে অবশ্যই ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। ইরান জানিয়েছে, তারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু ক্ষেপণাস্ত্র ইস্যুকে এর সঙ্গে যুক্ত করতে রাজি নয়।

এআরএস
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর