ইন্দোনেশিয়ার জাভা সাগরে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ২৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এ পর্যন্ত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং নিখোঁজ ১৩০ জনকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন দেশটির উদ্ধারকর্মীরা।
দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানায়, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের এই জাহাজটিতে ৩০ জন ক্রু সদস্যসহ মোট ২৪৩ জন আরোহী ছিলেন। শনিবার পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ কালিমন্তানের বাঞ্জারমাসিন শহরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। রোববার ভোরের দিকে প্রতিকূল আবহাওয়ার মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটি নিখোঁজ হয়।
পরবর্তীতে সংস্থাটি নিশ্চিত করে যে, দুর্ঘটনাস্থল থেকে ১০৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ছয়জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের বিভিন্ন জাহাজে করে ফিরিয়ে আনা হচ্ছে এবং তাদের একটি অংশকে পূর্ব জাভার একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির বাঞ্জারমাসিন প্রধান আই পুতু সুদায়ানা।

এদিকে পরিবহন মন্ত্রী দুদি পুরওয়াগান্ধি এক সংবাদ সম্মেলনে জানান, হেলিকপ্টার থেকে দেখা পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়নি, বরং উল্টে গেছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
উদ্ধার অভিযান জোরদার করতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল বিমান ও একাধিক উদ্ধারকারী জাহাজের পাশাপাশি একটি হেলিকপ্টার মোতায়েন করেছে। জাহাজটির সর্বশেষ জানা অবস্থানের ওপর ভিত্তি করে নিখোঁজ ১৩০ জনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, ১৭ হাজারেরও বেশি দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় চলাচলের জন্য ফেরি ও যাত্রীবাহী জাহাজের ওপর সাধারণ মানুষ ব্যাপকভাবে নির্ভরশীল। আকাশপথের তুলনায় সমুদ্রপথের ভাড়া সাশ্রয়ী হওয়ায় এটিই যাতায়াতের প্রধান মাধ্যম। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা নির্দেশিকা ও মান কঠোরভাবে বজায় না রাখার কারণে দেশটিতে প্রায়শই এ ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।
সূত্র: রয়টার্স
