বাংলাদেশের আকাশে শনিবার হিজরি ১৪৪৮ সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে রোববার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হয়েছে। এই হিসাব অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে।
শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
দেশের সার্বিক তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত ঘোষণা করে, দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও আঞ্চলিক কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত চাঁদ দেখার সব তথ্য গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে রবিউস সানি মাসের সূচনার বিষয়টি নিশ্চিত করা হয়।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ, এইচ, এম কামরুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের মুখ্য বার্তা সম্পাদক মো. কামরুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দেশের বিশিষ্ট ওলামা-মাশায়েকগণ উপস্থিত ছিলেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম বড় পীর হযরত আবদুল কাদির জিলানী (র.)-এর ওফাত দিবস উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়। এ উপলক্ষে সারাদেশে বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন হয়ে থাকে।
