বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার সঙ্গে কৃষ্ণসাগরের বন্দরনগরী বুর্গাসকে সংযোগকারী মহাসড়কে ঘন কুয়াশার কারণে সংঘটিত দুটি ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রায় ৮৬টি যানবাহন, যার মধ্যে অনেকগুলো ভারী ট্রাকও রয়েছে, একে অপরকে ধাক্কা দেয়।
স্বাস্থ্যমন্ত্রী কাতিয়া ইভকোভা জানান, ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত অবস্থায় অন্তত ৪৬ জনকে স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমে আসায় মহাসড়কটি উভয় দিকেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে আঞ্চলিক গভর্নর মিহাইল কাশেরোভ গণমাধ্যমকে জানান, এমন হৃদয়বিদারক দৃশ্য তিনি এর আগে কখনো দেখেননি। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দ্রুত ঘনীভূত হওয়া ঘন কুয়াশা, ভেজা সড়ক এবং আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য না রেখে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণেই এই বড় বিপর্যয় ঘটেছে।
এদিকে বুলগেরিয়ায় সফরে থাকা ইউরোপীয় কমিশন প্রধান উসুলা ভন ডার লিয়েনকে এই দুর্ঘটনার কারণে তাঁর কর্মসূচি পরিবর্তন করতে হয়েছে। কারণ বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ পূর্বনির্ধারিত শিডিউল বাদ দিয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যান। এছাড়া প্যারিস শান্তি ফোরামের কর্মসূচি সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন দেশটির প্রেসিডেন্ট ইলিয়ানা যোতোভা।
তথ্যসূত্র: এপি
