বৈশ্বিক উষ্ণতা রোধে যথেষ্ট শক্তিশালী নয় এমন অভিযোগে কপ-৩১ সম্মেলনের সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়ার উপস্থাপিত চূড়ান্ত খসড়া চুক্তি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অন্যান্য কয়েকটি দেশ। এর ফলে রোববার কোনো ঐকমত্য ছাড়াই ব্যর্থতায় পর্যবসিত হলো জাতিসংঘের জলবায়ু আলোচনা। যুদ্ধবিগ্রহ ও বৈশ্বিক অর্থনৈতিক চাপের ডামাডোলে তাপপ্রবাহ, দাবানল, বন্যা ও শক্তিশালী ঘূর্ণিঝড়ের মতো জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতি মোকাবিলায় বিশ্বনেতারা যে উচ্চাভিলাষী পদক্ষেপ নিতে হিমশিম খাচ্ছেন, এই ব্যর্থতা তারই স্পষ্ট প্রতিফলন।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা আলোচনা নির্ধারিত সময়ের দুই দিন পর পর্যন্ত গড়ানোয় এটি ইতিহাসের দীর্ঘতম কপ সম্মেলনে পরিণত হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি আলোর মুখ দেখেনি। সমাপনী অধিবেশনে তুরস্কের সম্মেলন সভাপতি মুরাত কুরুম বলেন, আর কিছু করার নেই। আমাদের সাধ্যমতো সবটুকুই আমরা করেছি। নতুন কোনো খসড়া পেশ করবেন না জানিয়ে তিনি দেশের প্রতিনিধিদের বক্তব্য চলাকালেই মঞ্চ ত্যাগ করেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার কপ-৩১ আলোচনার সভাপতি ক্রিস বোয়েন এই ফলাফলকে ‘অত্যন্ত হতাশাজনক’ আখ্যা দিয়ে জানান, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধই চুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
সম্মেলনের এই পরিণতিতে গভীর হতাশা জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, জলবায়ু সংকটের এই মুহূর্তে সরকারগুলো যথাযথ ভূমিকা রাখবে বলে যাঁরা আশা করেছিলেন, তাঁদের সেই গভীর হতাশার সঙ্গে আমিও একমত। উল্লেখ্য, ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনের পর এই প্রথম জাতিসংঘের কোনো জলবায়ু সম্মেলন সর্বসম্মত চুক্তি ছাড়াই শেষ হলো। যদিও গত অক্টোবরে জাতিসংঘের পরিবেশ সংস্থা নিশ্চিত করেছিল যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যেতে চলেছে, তবুও এবারের সম্মেলনে তা রুখতে কোনো ঐকমত্য গড়ে ওঠেনি।

ইউরোপীয় ইউনিয়নের এই প্রস্তাব প্রত্যাখ্যানের অন্যতম প্রধান কারণ ছিল খসড়া চুক্তিতে ‘জীবাশ্ম জ্বালানি’র কোনো উল্লেখ না থাকা। আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী ড্যারাঘ ও’ব্রায়েন বলেন, এমন একটি জলবায়ু চুক্তি অকল্পনীয়, যেখানে জীবাশ্ম জ্বালানি কিংবা জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কোনো কথাই উল্লেখ নেই। পর্যবেক্ষকদের মতে, সৌদি আরব ও অন্যান্য বড় তেল উৎপাদনকারী দেশগুলোর তীব্র লবিংয়ের কারণেই চুক্তির খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির বিষয়টি বাদ দেওয়া হয়েছিল।
প্রস্তাবিত চুক্তিতে তাপমাত্রা বৃদ্ধির বিষয়টি স্বীকার করে তা উল্টে দিতে দ্রুত ‘কার্বন-অপসারণ প্রযুক্তি’ উদ্ভাবনের আহ্বান জানানো হয়েছিল, যা তেল উৎপাদনকারী দেশগুলোর পছন্দের বিষয় ছিল। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, কার্বন অপসারণের এই ভাষাকে ঢাল হিসেবে ব্যবহার করে তেল উত্তোলন অব্যাহত রাখার লাইসেন্স নেওয়া হবে। যদিও সৌদি প্রতিনিধি দলের এক সদস্য সমাপনী অধিবেশনে বৈশ্বিক উষ্ণতা রোধের এই বাস্তবসম্মত সমাধানের বিরোধিতা দেখে বিস্ময় প্রকাশ করেন।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পর্যাপ্ত জলবায়ু অর্থায়নের ব্যবস্থা না থাকায় উন্নয়নশীল দেশগুলোও চুক্তিটির তীব্র সমালোচনা করেছে। খসড়ায় অর্থায়ন তিন গুণ করার কথা বলা হলেও কোন ভিত্তি থেকে তা বাড়ানো হবে, তা স্পষ্ট করা হয়নি। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমানের ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার যে লক্ষ্যমাত্রা তুরস্ক প্রস্তাব করেছিল, সমালোচকদের মতে জীবাশ্ম জ্বালানি ছাড়ার স্পষ্ট পথ না দেখিয়ে এমন লক্ষ্যমাত্রা দরিদ্র দেশগুলোর ওপর বাড়তি খরচের বোঝা চাপিয়ে দিত।
তবে তুরস্কের আন্টালিয়ায় এই রাজনৈতিক ঘোষণায় পৌঁছাতে ব্যর্থ হলেও পূর্ববর্তী জাতিসংঘ সম্মেলনগুলোতে গৃহীত অঙ্গীকারগুলো এতে মুছে যাবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বেলজিয়ামের জলবায়ু মন্ত্রী জ্যঁ-লুক ক্রুকে এই ফলাফলকে কঠিন বলে অভিহিত করলেও জোর দিয়ে বলেছেন, এটি বহুপাক্ষিকতার শেষ নয়। দুর্বল চুক্তিকে ‘না’ বলার সাহস থাকতে হয়।
তথ্যসূত্র: রয়টার্স
