দূরপাল্লার বাসের বাড়তি ভাড়া নিয়ে শঙ্কার আছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা। তাদের আশঙ্কা, এই বাড়তি ভাড়ার প্রভাব তাদের আয়ের উপর পড়বে।
যদিও বাস মালিকরা বলছেন, সরকারের সিদ্ধান্তের বাইরে কারো কাছ থেকে বাড়তি ভাড়া করা হচ্ছে না। আর নির্বাহী হাকিম বলছেন, বাড়তি ভাড়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।
বাড়তি জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে রোববার সকাল থেকেই বাড়তি ভাড়ায় চলছে দূরপাল্লার বাসগুলো। কিন্তু এক্ষেত্রেও দেখা গেছে চরম অনিয়ম।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাস আদায় করবে প্রতি কিলোমিটারে দুই টাকা ২০ পয়সা। কিন্তু বিভিন্ন গন্তব্যে বাস ভাড়া ৪০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বাড়তি নেয়া হচ্ছে।
রোববার রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে গিয়ে বাস ভাড়া আদায়ের এ চিত্র দেখা যায়। যাত্রীদের অভিযোগ, দূরপাল্লার বাসগুলো সরকার নির্ধারিত ভাড়ার বাইরে গিয়ে বেশি টাকা আদায় করছে।
তারা বলছেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে তেলের দামের সাথে সমন্বয় করে বাড়তি ভাড়া সবকিছুই প্রভাব ফেলবে জীবনযাত্রায়। বেড়ে যাবে মাসিক বাজেটও।
কথা ছিলো সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ্যে ঝুলিয়ে রাখতে হবে কাউন্টারে। কিন্তু ভাড়া কার্যকর করলেও মহাখালী বাসস্ট্যান্ডের অনেক কাউন্টারে দেখা যায়নি নতুন তালিকা।
কোনো কোনো কাউন্টারে শুধু ভাড়া কতো সেটা লিখে ঝুলিয়ে রেখেছে কাউন্টারে। কাউন্টার কর্তৃপক্ষ বলছে, ভাড়া কার্যকর করা হলেও এখনো বিআরটিএ থেকে নতুন ভাড়ার তালিকা সরবরাহ করা হয়নি। সেটা সংগ্রহ করেই তারা সেই তালিকা ঝুলিয়ে দেবে কাউন্টারে।
গাবতলীতে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার থেকে জানানো হয়, ঢাকা থেকে আগে কুড়িগ্রামের ভাড়া ছিল ৮০০ টাকা। এখন ১ হাজার টাকা।
রংপুরের ভাড়া ছিল ৭০০ টাকা। এখন ৮৫০ টাকা। নওগাঁর ভাড়া ছিল ৫৫০ টাকা। এখন ৭০০ টাকা। পঞ্চগড়ের ভাড়া ছিল ৯৫০ টাকা। এখন ১ হাজার ৪০ টাকা।
ঠাকুরগাঁওয়ের ভাড়া ছিল ৯০০ টাকা। এখন ১ হাজার টাকা। খুলনার ভাড়া ছিল ৬৯০ টাকা। এখন ৮০০ টাকা। যশোরের ভাড়া ছিল ৫৫০ টাকা। এখন ৬৫০ টাকা।
বরিশালের ভাড়া ছিল ৬০০ টাকা। এখন ৭০০ টাকা। বরগুনার ভাড়া ছিল ৮০০ টাকা। এখন ৮৫০ টাকা। কুয়াকাটার ভাড়া ছিল ৮৫০ টাকা। এখন ৯২০ টাকা।
আরও পড়ুন: রাজধানীর গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
কেউ যাতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করতে না পারে সে কারণে বাসস্ট্যান্ড কেন্দ্রিক মনিটরিং করছে বিআরটিএ-এর ভ্রমমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, কেউ যাতে বাড়তি ভাড়া আদায় করতে না পারে সে বিষয়ে তৎপর আছেন তারা। অভিযোগ পেলেই নেয়া হবে ব্যবস্থা।
এদিকে আগে যেখানে দূরপাল্লার বাস প্রতিদিন দশ ট্রিপ চলতো, এখন তেলের দাম বাড়ায় চলছে পাঁচ ট্রিপ। তেলের দাম বাড়ার পরের দিন থেকে গাবতলীতে নেয়া হচ্ছে বাড়তি ভাড়া।
একাত্তর/এসি
