দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণকালে কোনো অবাঞ্ছিত ব্যক্তি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র ছয় ধরনের ব্যক্তিই ভোট কেন্দ্রে প্রবেশের অনুমতি পাচ্ছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে রোববার অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনের ৪২ হাজার ভোট কেন্দ্রে একযোগে ভোট চলবে।
সংসদ নির্বাচনে ভোট গ্রহণকালে যেন কোনো অবাঞ্ছিত ব্যক্তি ভোট কেন্দ্রে প্রবেশ করতে না পারে তা রিটার্নিং কর্মকর্তারা নিশ্চিত করবেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে- শুধুমাত্র ছয় ধরনের ব্যক্তিই ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তারা হলেন-
১) সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের ভোটার
২) সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের ভোট গ্রহণ কর্মকর্তা
৩) প্রতিদ্বন্দ্বী প্রার্থী এজেন্ট ও পোলিং এজেন্ট
৪) নির্বাচন কমিশনের বৈধ পরিচয় পত্র ধারী পর্যবেক্ষক ও সাংবাদিক
৫) অসমর্থ বা অন্ধ ভোটারের সহায়তাকারী
৬) নির্বাচন কমিশন অথবা রিটার্নিং অফিসার কর্তৃক অনুমতি প্রাপ্ত কর্মকর্তা বা কোন ব্যক্তি
ইসির এক পরিপত্রে বলা হয়েছে, যেসব ব্যক্তি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন অর্থাৎ ভোট কেন্দ্রে প্রবেশ করার যোগ্য ব্যক্তিদের তালিকা সম্বলিত একটি পোস্টার ইসির থেকে দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক কপি ছাপানো হয়েছে। ওই পোস্টারের প্রয়োজনীয় সংখ্যক কপি প্রতিটি নির্বাচনী এলাকায় পাঠানো হয়েছে।

ওই পরিপত্রে আরও বলা হয়েছে, ভোটের দিন ভোট শুরু হওয়ার আগেই কেন্দ্রের গুরত্বপূর্ণ প্রবেশ পথে ও প্রকাশ্য স্থানে ওই পোস্টার দেখানোর জন্য প্রিসাইডিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রে উপস্থিত থাকার যোগ্য ব্যক্তি ছাড়া অন্য কেউ যেন কেন্দ্রে প্রবেশ করতে না পারেন তা নিশ্চিত করা হবে। কোনো অবস্থাতেই অবাঞ্ছিত ব্যক্তিকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রিসাইডিং কর্মকর্তাদের ভোট চলাকালে কেন্দ্রের সার্বিক পরিস্থিতি তদারকি ও নিয়ন্ত্রণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এবারের নির্বাচনে ১৮ দিন প্রচারের সময় পান প্রার্থীরা। নির্বাচনে ২৮টি দল ও স্বতন্ত্র মিলিয়ে ১৯৭০ জন প্রার্থী অংশ নিয়েছেন। তাদের মধ্যে দলীয় প্রার্থী ১৫৩৪ জন আর স্বতন্ত্র ৪৩৬ জন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, জাতীয় পার্টির ২৬৫, তৃণমূল বিএনপির প্রার্থী ১৩৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৬৬ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, জাতীয় পার্টির (জেপি) ১৩ জন, বিকল্পধারা বাংলাদেশের ১০ জন প্রার্থী রয়েছেন।
নির্বাচনে নারী প্রার্থী হিসেবে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০ জন। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অন্যান্য মিলে ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৯৯ সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ২৪টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ দুই লাখ ৬১ হাজার ৯১২টি। মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ ও নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯। এছাড়া সারাদেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮৪৯ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছেন স্থানীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক। এছাড়া প্রায় দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক রয়েছেন ভোট পর্যবেক্ষণে।
