মাঘ মাস আসার কয়েকদিন আগেই জেঁকে বসেছে কনকনে শীত, জবুথবু অবস্থা প্রাণিকুলের। দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, এবং আরো কয়েকদিন ধরে তা অব্যাহত থাকতে পারে।
শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ, বয়ে যাচ্ছে এবং তা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
শৈত্যপ্রবাহের সঙ্গে সারা দেশে জুড়েই ঘন কুয়াশা পড়ছে। কুয়াশা সৃষ্টি হচ্ছে মাঝরাত থেকে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত থাকছে। কুয়াশার কারণে যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, আগামী রোববার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে, দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে ৯ ডিগ্রি, তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি, বদলগাছীতে ৮ দশমিক ৯ ডিগ্রি, রাজশাহীতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকার তাপমাত্রাও আগের দিনের তুলনায় কিছুটা নেমে হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সেখানেও আগের দিনের তুলনায় কমেছে।
তীব্র শীত কবে কমতে পারে এই প্রশ্নের উত্তরে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হতে পারে। আর এরপরই আবহাওয়া পরিস্থিতি পাল্টাবে।
তীব্র শীতে কাঁপছে নওগাঁ, বইছে মৃদু শৈত্যপ্রবাহ