জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের স্ত্রী দিলারা হাফিজ আর নেই। শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর একটা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিনের একান্ত সহকারী (পিএস)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। পরে সোমবার (৩০ মার্চ) মরহুমার জানাজা ও দাফন সম্পন্ন হবে। তার প্রথম জানাজা সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, দ্বিতীয় জানাজা জোহরের নামাজের পর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে এবং জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
