দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের অলাভজনক ও বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এই নির্দেশ দেন।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্ধ ও অলাভজনক এসব রাষ্ট্রায়ত্ত কলকারখানায় বিনিয়োগের জন্য ইতিমধ্যে বেশ কিছু দেশি-বিদেশি বেসরকারি কোম্পানি গভীর আগ্রহ প্রকাশ করেছে। এসব কোম্পানি যেভাবে নতুন করে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দিয়েছে, সরকারের পক্ষ থেকে এখন সেগুলোর সম্ভাব্যতা যাচাই করে দেখা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কোনো ধরনের অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সব প্রক্রিয়া শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
এছাড়াও সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
