স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করেছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী নিজেই ‘এটিভি’ চালিয়ে মহড়াস্থলের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেন। পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং তাদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্য দেন।

মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। সেখানে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।


স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী ‘বারো আউলিয়া’ এলাকায় তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিট ‘৫০১ এয়ার রেজিমেন্ট’। এ মহড়ায় তিন বাহিনীর সামরিক সক্ষমতার পাশাপাশি আন্তঃবাহিনীর সমন্বিত কার্যক্রমও দেখানো হয়।

মহড়া দেখার পর প্রধানমন্ত্রী নিজেই ‘বারো আউলিয়া’ থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত আট কিলোমিটার পথ এটিভি চালান। এ সময় তাঁর পাশের সিটে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এটিভি (অল-টেরেইন ভেহিকল) হলো দুর্গম ও অসমতল পথে চলাচলের উপযোগী বিশেষ ধরনের যান।

ধানখেতের পাশ দিয়ে আঁকাবাঁকা ও কাদামাটির পিচ্ছিল পথে এটিভি চালানোর সময় প্রধানমন্ত্রী রাস্তার দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ভিউ পয়েন্ট-১-এ পৌঁছালে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে খোলামেলা পরিবেশে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


পরে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনী পরিদর্শন শেষে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের উদ্দেশে সংক্ষিপ্ত নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত এ যৌথ মহড়ার মধ্য দিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে তিনি গর্বিত।

স্বর্ণদ্বীপে অবস্থানকালে ভিউ পয়েন্ট-১ এলাকায় একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগেরও বেশি সময়ে সেখানে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে এবারই প্রথম যৌথ মহড়া অনুষ্ঠিত হলো। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। স্বর্ণদ্বীপের হেলিপ্যাডে তাঁকে বিদায় জানান তিন বাহিনীর প্রধান। বিকেল ৫টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানীর তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে।

একাত্তর/এআরএস
দিনভর নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনসহ নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করার পরও, ক্লান্তি উপেক্ষা করে সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে। তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপ...
নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে চমক দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেবল গ্যালারিতে বসে অনুশীলন দেখাই নয়, বরং সেনাবাহিনীর অফরোড ফোরহুইল ড্রাইভ...
রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের অনুরোধে বুধবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে, এ...
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান কমে আসায় মঙ্গলবার রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। 
বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি গঠনে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব কমিটির সভাপতি হতে হলে সাধারণভাবে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর