সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ইইউ অন্য দেশের মতো চাপিয়ে দেওয়া কোনো চরম অন্যায্য চুক্তি করবে না বলে জানিয়েছেন বাংলাদেশে ইইউ ডেলিগেশন প্রধান মাইকেল মিলার।
রোববার (৪ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এর দ্বিতীয় সেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মাইকেল মিলার বলেন, সম্প্রতি বাংলাদেশ যে গতি ও উচ্চাকাঙ্ক্ষা দেখিয়েছে, ইইউ তার সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রস্তুত। তবে এ জন্য ইইউভুক্ত দেশগুলোর ব্যবসার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশে সাংবিধানিক সংস্কারের যে কাজ শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, তা সফলভাবে সম্পন্ন করতে রাজনৈতিক অঙ্গনে আরও ঐকমত্য প্রয়োজন। এছাড়া ইউরোপের সফল রাজনৈতিক ও অর্থনৈতিক রূপান্তরের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের সরকারি প্রশাসন সংস্কারে দক্ষতা ও সহযোগিতা দেওয়ার প্রস্তাবও দেন ইইউ ডেলিগেশন প্রধান।
ইইউর বাণিজ্যিক নীতি ও অবস্থান স্পষ্ট করে মাইকেল মিলার আরও জানান, অন্যদের মতো অন্যায্য শর্ত বা চুক্তি চাপিয়ে দেওয়ার সংস্কৃতিতে ইইউ বিশ্বাস করে না। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পথ ধরেই দুই পক্ষ বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।
