চিকিৎসা বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণ সেবা প্রদানকারীদেরকে (চিবসসেপ্র) নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার (১১ এপ্রিল) বিকেলে ডিএসসিসি প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের ত্রয়োদশ বোর্ড সভায় মেয়র তাপস চিকিৎসা বর্জ্য সংগ্রহকারীদেরকে নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব উত্থাপন করলে কাউন্সিলররা মেয়রের প্রস্তাব সর্বসম্মতিক্রমে বোর্ড সভায় অনুমোদন দেন। এর মাধ্যমে চিকিৎসা বর্জ্য সংগ্রহকারী নিবন্ধন প্রক্রিয়া শুরু করার চূড়ান্ত ধাপ অতিক্রম করলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। খবর বিজ্ঞপ্তির।
বোর্ড সভায় অনুমোদন প্রাপ্তির পর শেখ তাপস বলেন, ঢাকা শহরে হাজারের ঊর্ধ্বে হাসপাতাল, ক্লিনিক, প্যাথলজি এ রকম বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে। যেসব প্রতিষ্ঠান হতে বিপুল পরিমাণে চিকিৎসা বর্জ্য সৃষ্টি হয় এবং এটাকে ব্যবস্থাপনা করার জন্য একটি এনজিওকে দায়িত্ব দেয়া হয়েছিলো। তাদের সাথে একটি চুক্তি করা হয়েছিলো। চুক্তি অনুযায়ী তারা সকল হাসপাতাল ও প্রতিষ্ঠান থেকে বর্জ্য সংগ্রহ করে মাতুয়াইলে আমাদের ভাগাড়ে যে ইনসিনারেশন প্লান্ট আছে সেখানে ব্যবস্থাপনা করতো। কিন্তু সিটি কর্পোরেশন এ খাত থেকে কোনো টাকা আয় করতো না এবং এটার কোনো নিয়ন্ত্রণও ছিলো না। এবার আমরা এটিকে পুরোপুরি শৃঙ্খলায় আনার জন্য চিকিৎসা বর্জ্য সংগ্রহকারীদের নিবন্ধনের আওতায় আনছি।

শেখ তাপস আরো বলেন, আমরা যেভাবে গৃহস্থালির সাধারণ বর্জ্য সেবা সংগ্রহকারীদের নিবন্ধন দিয়ে তাদেরকে শৃঙ্খলা ও জবাবদিহিতার আওতায় নিয়ে এসেছি, একইভাবে চিকিৎসা বর্জ্য সংগ্রহকারীদেরও নিবন্ধনের আওতায় নিয়ে আসবো। এর মাধ্যমে চিকিৎসা বর্জ্যকে একটি আধুনিক কাঠামোর আওতায় নিয়ে আসা হবে।
আরও পড়ুন: শিল্পক্ষেত্রে দিনে চার ঘণ্টা গ্যাস বন্ধ রাখার নির্দেশ
চিকিৎসা বর্জের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক নিবন্ধন দেয়া হবে জানিয়ে মেয়র বলেন, এক্ষেত্রে আমরা অঞ্চলভিত্তিক একজনকে ১টি অঞ্চলের জন্য নিবন্ধন দেব। আমাদের ১০টি অঞ্চলে ১০ জনকে নিবন্ধন দেয়া হবে। পুরাতন অঞ্চলগুলোর জন্য বাৎসরিক ৬০ লাখ এবং নতুন অঞ্চলের জন্য বাৎসরিক ২৪ লাখ টাকায় এই নিবন্ধন দেয়া হবে।
একাত্তর/আরএ
