রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা মকবুল হোসেনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে একই দিন তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। পরে শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদশ দেন।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ ও রাতে নিউমার্কেট থানা পুলিশে হস্তান্তর করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, তার (মকবুল) কী পরিচয়, কিংবা রাজনৈতিক পরিচয় কী, সে বিষয়ে আমরা বিবেচনা করিনি। নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামি তিনি। এ মামলায় আরও যারা এজাহারভুক্ত রয়েছেন, তাদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। বাকিদেরও অচিরেই আইনের আওতায় নিয়ে আসা হবে।
আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তিন ফ্লাইওভার খুলছে ২৫ এপ্রিল
গত ১৮ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ১৯ এপ্রিল সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত।
এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। সংঘর্ষে এখন পর্যন্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের একজন ডেলিভারিম্যান, অন্যজন দোকান কর্মচারী।
একাত্তর/এসি
