তিন মাস ধরে পানি পাচ্ছে না রাজধানীর নুরেরচালা-সাইদনগর-বাড্ডার মানুষ। কিন্তু বিকার নেই ওয়াসার। ওয়াসার দাবি, অন্য যে কোনো এলাকার তুলনায় এখন ভালো সেবা দিচ্ছে তারা।
শুক্রবার ছুটির দিনে নূরেরচালা এলাকায় গিয়ে দেখা গেলো, ওয়াসার লাইনে পানি না থাকার কারণে বাসা বদলাতে ব্যস্ত অনেকে ভাড়াটিয়া।
অনেকে এলাকা ছাড়লেও উত্তর বাড্ডা, সাইদনগর, আর নূরেরচালার বাসিন্দাদের পানির সংকট এখন চরমে ।দীর্ঘদিন ধরে তারা খাবার পানি সংগ্রহ করছেন বাইরে থেকে।
রেশনিং পদ্ধতিতে ওয়াসা পানি সরবরাহ করলেও সেই সুবিধা না পাওয়ার অভিযোগ অনেকের। বাসিন্দারা বলছেন ২৪ ঘণ্টার মধ্যে পানি থাকে মাত্র এক ঘণ্টা। সেই পানিতেও দুর্গন্ধ।
এক ভাড়াটিয়া বলেন, খন্দকার বাড়ি মোড়ে রাতে আধা ঘণ্টার মতো পানি পাই। এর পর আর সারাদিন খবর থাকে না। মাঝে তিন দিন এক নাগাড়ে পানি আসেনি।
আরেক বাসিন্দা জানান, নুরেরচালা প্রাইমারি স্কুল এলাকায় পানির সংকট সবচেয়ে বেশি। ঈদুল আজহার পর সমস্যার শুরু হয়। এখনও সমাধান পাওয়া যায়নি।
এ নিয়ে পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা ওয়াসার আঞ্চলিক কার্যালয়গুলোতে অভিযোগ করেও কোনও প্রতিকার মেলেনি বলে জানিয়েছেন এসব এলাকার বাসিন্দারা।
এসব বিষয়ে কথা বলতে রাজি নন ওয়াসার দায়িত্বরত কর্মকর্তা আবদুল জলিল। তবে সাফাই গাইলেন অন্য এলাকার তুলনায় সেখানে পানির সরবরাহ ভালো।
আরও পড়ুন: ওয়াসার পানিতে আর ভর্তুকি নয়: মন্ত্রী
জনপ্রতিনিধিরা বলছেন, সাধারণ মানুষের সংকট জানে না ওয়াসা। আশ্বাস দিলেন, দ্রুতই কাটবে পানির সমস্যা।
ভাড়াটিয়াদের সংকট সমাধানে অনেক বাড়িওয়ালাই এখন নিজেরাই বসাচ্ছেন সাব মার্সিবল পাম্প। মানুষের দাবি দ্রুত শেষ হোক পানি সঙ্কট।
একাত্তর/এসি
