রাজধানীর তিনটি কেন্দ্রে আজ সকাল সাড়ে নয়টা থেকে ফাইজারের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। টিকাদান চলবে দুপুর ৩টা পর্যন্ত।
সোমবার (২১ জুন) সকাল সাড়ে নয়টা থেকে টিকা দেয়া হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। আজ টিকা দেয়া হবে ৩৬০ জনকে।
টিকা-গ্রহীতাদের পর্যবেক্ষণ শেষে ৭ থেকে ১০ দিন পর অন্যদের এই টিকা দেয়ার কর্মসূচি শুরুর পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। দেশে করোনাভাইরাস প্রতিরোধে তৃতীয় টিকা হিসেবে ফাইজার ব্যবহার করা হচ্ছে।
সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম ফাইজারের টিকা নিয়েছেন মালিবাগের বাসিন্দা রাহাত চৌধুরী। এই কেন্দ্র মোট ১২০ জন আজ টিকা নেবেন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ বলেন, আমরা সকাল ৯টার পর টিকা দেয়া শুরু করেছি। আজ ১২০ জনকে টিকা দেওয়ার পরিকল্পনা আছে। কার্যক্রম চলবে দুপুর ৩টা পর্যন্ত।
আরও পড়ুন: ডেল্টা প্লাস নিয়ে ভারতে সতর্কবার্তা, আসতে পারে তৃতীয় ঢেউ!
গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কোভিডের টিকার প্রথম পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি সারাদেশে শুরু হয় গণটিকা কার্যক্রম। ২৫ মে ঢাকা মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে প্রয়োগের মাধ্যমে দ্বিতীয় টিকা হিসেবে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হয়। ১৯ জুন এ টিকার গণ-প্রয়োগ শুরু হয়েছে।
সর্বশেষ তৃতীয় টিকার চালান হিসেবে টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে পাওয়া মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি এক লাখ ৬২০ ডোজের চালান এসে পৌঁছায় গত ৩১ মে।
একাত্তর/আরএ
