রাজধানীর তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। তিনি একটি বাসায় সিকিউরিটি গার্ডের কাজ করতেন।
সোমবার দুপুর একটার দিকে পূর্ব নাখালপাড়া রেলগেটের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মো. ফাইজু ইসলামের (৩৫) গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। তার বাবার নাম ছমির উদ্দিন। তিনি বর্তমানে তেজগাঁও শিল্পাঞ্চল পূর্ব নাখালপাড়া শরিফের বাসার নিচ তলায় থাকতেন।
ফাইজুরকে হাসপাতালে নিয়ে আসা তার প্রতিবেশী মানিক মোল্লা জানান, তিনি যে বাসায় গার্ডের কাজ করতেন সেখানেই দুপুরে পানির মোটরের বৈদ্যুতিক লাইন সংযোগ দেওয়ার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। এরপর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আয়শা ও মেট্রো হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
দুপুর পৌনে দুইটার দিকে ঢামেকের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজধানীতে কুরিয়ার সার্ভিস কর্মীর মরদেহ উদ্ধার
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
একাত্তর/আরএ
