রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল আংশিক উদ্বোধন হবে আগামী সাত অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন ঘোষণা করবেন।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
তিনি জানান, আংশিক উদ্বোধন হলেও যাত্রীরা টার্মিনাল ব্যবহার করতে পারবেন ২০২৪ সালের শেষের দিকে।
৮২ শতাংশ কাজ সম্পাদিত হয়েছে জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, আমাদের লক্ষ্যমাত্রা ছিল সাব ওপেনিংয়ের আগে ৯০ শতাংশ কাজ শেষ করবো। আশা করি পরিকল্পনা মাফিক কাজ শেষ হবে।

তিনি বলেন, ‘আমরা এই প্রকল্পে ৭০০ কোটি টাকা সাশ্রয় করেছিলাম। আমাদের প্রকল্পের নির্ধারিত ছিল ১২টি বোর্ডিং ব্রিজ, ওই টাকা দিয়ে কিছু অংশ তৈরি করা হবে।
২০১৯ সালের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন করেন। জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসং এর এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি) এই টার্মিনালের নির্মাণ কাজ করছে। এ টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছিলো ২১ হাজার ৩০০ কোটি টাকা। এরমধ্যে পাঁচ হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার এবং বাকি অর্থ দেবে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।
একাত্তর/এসি
