এবারের একুশের বইমেলায় আসছে সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান উজ্জ্বল রচিত বই ‘যাপিত জীবনের গল্প।’
সাংবাদিকতা পেশায় দুই যুগেরও বেশি সময় কাটিয়ে দিলেও এটাই তার প্রকাশিতব্য প্রথম বই। বইটিতে লেখক সাংবাদিকতা পেশার সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রিয়-অপ্রিয় এবং বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি গ্রাম ও শহরে জীবনের নানা বাস্তব ঘটনা পাঠকের সামনে তুলে ধরেছেন।
অধুনালুপ্ত দৈনিক বাংলার বাণীর মাধ্যমে মনিরুজ্জামান উজ্জ্বলের সাংবাদিকতার পথচলা শুরু। পরে দেশের শীর্ষস্থানীয় দুটি জাতীয় পত্রিকা দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালের রিপোর্টিং বিভাগে এক যুগেরও বেশি সময় কেটেছে তার।
এরপর ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা ‘ঢাকা ট্রিবিউন’ হয়ে বর্তমানে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ ২৪ ডটকমে প্ল্যানিং এডিটর হিসেবে কর্মরত রয়েছেন তিনি।
বইটির বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলেউজ্জ্বল বলেন, জীবনের ঝুঁকি নিয়ে একজন প্রকৃত রিপোর্টারকে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সামনে এগোতে হয়। তবে দুঃখজনক হলেও সত্য সব ঘটনা পত্রিকায় প্রকাশিত হয় না। নানা কারণে তা ধামাচাপা পড়ে রিপোর্টারের অক্লান্ত পরিশ্রমের ফসল গুরুত্বপূর্ণ সংবাদটি পাঠক পর্যন্ত পৌঁছায় না। সেসব অজানা ঘটনা পাঠকের কাছে সবিস্তারে তুলে ধরতেই তার এই ক্ষুদ্র প্রয়াস।
তিনি আরও বলেন, নতুন যারা সাংবাদিকতা পেশায় আসছেন বা আসতে চাচ্ছেন তাদের পাশাপাশি একজন পেশাদার সাংবাদিক সম্পর্কে অনেকেরই জানার কৌতুহল রয়েছে।
‘যাপিত জীবনের গল্প’ বইটি পড়ার মাধ্যমে তারা অনেক অজানা তথ্য জানতে পারবেন। ৩৪টি উল্লেখযোগ্য ঘটনার গল্প নিয়ে বইটির প্রথম খণ্ড সাজানো হয়েছে। গল্পগুলোতে সত্য তুলে ধরতে বিন্দুমাত্র পিছ পা হয়নি বলেও জানান উজ্জ্বল।
'যাপিত জীবনের গল্প' নামের বইটি ঝুমঝুমি প্রকাশন থেকে প্রকাশিত হবে। বইমেলায় ঝুম ঝুমির ৭০ ও৭১ নাম্বার স্টলে বইটি পাওয়া যাবে।
বইটির প্রচ্ছদ এঁকেছেন দেশের অন্যতম সেরা আঁকিয়ে মামুন হোসাইন। বর্তমানে বইটি ছাপানোর প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী সপ্তাহে (১৬/১৭ ফেব্রুয়ারি) নাগাদ বইটি বইমেলায় আসতে পারে বলে জানিয়েছে ঝুমঝুমি প্রকাশন।
