বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসে মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এতে মির্জা ফখরুল ছাড়াও দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির আহ্বায়ক আমির খসরু মাহমুদ চৌধুরী ও কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
শনিবার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার ওপর হামলার পরদিন এই বৈঠকে সমকালীন রাজনীতি গুরুত্ব পায়।
বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উল্লেখ করে সামনে দিনগুলোতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পাশাপাশি উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের অবকাঠামো এবং আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।
এছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে জাপান-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন বিএনপির মহাসচিব।
অন্যদিকে জাপান রাষ্ট্রদূত ইতো নাওকি অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন ও আর্ত-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বরাবরের মতোই বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সোয়া ঘণ্টা বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সমকালীন রাজনৈতিক পরিস্থিতিসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন তারা।
আরও পড়ুন: মিয়ানমারকে কড়া প্রতিবাদ ও সতর্ক করলো ঢাকা
তিনি বলেন, জাপান আমাদের বাই লেটারেল ডোনারদের মধ্যে সবচেয়ে বড়। আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যেসব বিষয় আছে সেগুলোর উপরে আলোচনা হয়েছে।
একাত্তর/আরএ
