খালেদা জিয়ার রাজনীতি করা না করা নিয়ে সরকারের মধ্যেই তৈরি হয়েছে মতানৈক্য। আইনমন্ত্রী বলছেন, খালেদা জিয়াকে রাজনীতি করতে না দেয়ার কোনো শর্ত দেয়া হয়নি। অন্যদিকে তথ্যমন্ত্রী বলছেন, আইনানুযায়ী কারো দুই বছরের সাজা হলে সে নির্বাচন করতে পারে না। সেই হিসেবে বিএনপি নেত্রীর রাজনীতি করার সুযোগ নেই বলে মত তথ্যমন্ত্রীর।
জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত খাদেজা জিয়ার বয়স ও শারীরিক অসুস্থতার কারণে নির্বাহী আদেশে কারাগারের পরিবর্তে বাড়িতে থাকার অনুমতি মেলে। তবে বাসায় চিকিৎসা নেওয়াসহ দেশ ত্যাগ না করার দুই শর্ত সাথে জুড়ে দেওয়া হয়।
তবে এবার নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবেন কিনা এ নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। বৃহস্পতিবার এমন প্রশ্ন ছিলো আইনমন্ত্রীর কাছে। জবাবে তিনি বলেন রাজনীতি করতে পারবে না এমন কোনো শর্ত দেয়া হয়নি।
বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্ট্যারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, খালেদা জিয়া ঢাকাস্থ নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন, দেশের বাইরে যেতে পারবেন না। এর বাইরে কোনো শর্ত নাই।
তিনি আরও বলেন, সরকার চায় সংবিধান অনুযায়ী নির্বাচন হোক।
আরও পড়ুন: বিএনপির মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার: ওবায়দুল কাদের
এদিকে আলাদা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, শর্ত সাপেক্ষে বেগম খালেদা জিয়াকে বাসায় থাকার অনুমতি দেয়া হয়েছে। এবং সে শর্ত অনুযায়ী তিনি রাজনীতি করতে পারেন না।
দেশের আইন অনুযায়ী দুই বছরের সাজা প্রাপ্ত হলে সে নির্বাচন করতে পারেনা। ২০২০ সালের মার্চ থেকে কারাগারের পরিবর্তে গুলশানের বাসায় অবস্থান করছেন বেগম খালেদা জিয়া।
একাত্তর/আরবিএস
