দলের
চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চারদিনের নতুন
কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বিএনপিসহ যুগপৎ আন্দোলনকারী ৩৬ টি রাজনৈতিক দল শুক্রবার ঢাকা মহানগরে গণ মিছিল করবে।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিএনপির গণ মিছিলের এই কর্মসুচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার আরোগ্য কামনায় আগামীকাল বুধবার সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল হবে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার সারাদেশে লিফলেট বিতরণ করা হবে।’
এছাড়া সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শুক্রবার ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল করবে বিএনপি। একই দাবিতে শনিবার সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে বলেও জানান রিজভী।
গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎভাবে ‘এক দফা’ দাবিতে আন্দোলনে ডাক দেয়। এরপর গত ২৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ ও ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে তারা।
গত শুক্রবারও সরকার পতনের দাবিতে রাজধানীতে মিছিল করেছিলো বিএনপি।
নয়পল্টনের সংবাদিক সম্মেলনে বিএনপির মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, মীর সরাফত আলী সপু, নাসির উদ্দিন অসীম, রাকিবুল ইসলাম বকুল ও আবদুল কাদির ভুঁইয়া জুয়েলও উপস্থিত ছিলেন।
একাত্তর/কেএসএইচ
