সেন্টমার্টিনে যা হচ্ছে, সেটা আমাদের সার্বভৌমত্বের ওপর হামলা বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার বিকেলে ঢাকা থেকে রংপুরে গিয়ে সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, অবস্থা যা দেখছি, তাতে কখন না সেন্টমার্টিন তারা দখল করে ফেলে! এ ব্যাপারে সরকারের কোন মাথাব্যথা নেই বলেও অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য দেয়া উচিত বলে উল্লেখ করে তিনি বলেন, সেখানে কি হচ্ছে, কেন হচ্ছে, সরকার কী করছে- জনগণ এর উত্তর চায়। এসময় জনগণ চরম উৎকণ্ঠিত বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা সরকারের দায়িত্ব। তিনি সংসদে থাকলে এসব কথা সংসদে তুলে ধরতেন উল্লেখ করে এখন এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে বক্তব্য দেয়ার আহ্বান জানান।
জি এম কাদের বলেন, বিষয়টা অদ্ভুত মনে হচ্ছে! প্রতিবেশী দেশ আমাদের এলাকায় এলাকার মানুষকে ঢুকতে দেবেনা!
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা হামলা চালিয়ে যাচ্ছে। সরকারের কোস্টগার্ড সেখান থেকে সরে আসছে। তারা বিভিন্নভাবে আমাদের ভূখণ্ডে চলে আসতে চাচ্ছে। আমাদের সার্বভৌমত্বের ওপর হামলা হচ্ছে।
তিনি বলেন, আমরা শুনি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী অনেক শক্তিশালী। কিন্তু তাদের কোনো ভূমিকা আমরা দেখছিনা। এখন সেখানে মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এটা খুবই দুঃখজনক। সরকারের তো একটা দায়িত্ব আছে। তিনি সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা নেবার আহবান জানান।
মিয়ানমারের রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে গত ফেব্রুয়ারি মাস থেকে যুদ্ধ চলছে। যার আঁচ লেগেছে বাংলাদেশের সীমান্তের গ্রামগুলোতে। চলমান সংঘাতের জেরে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে প্রায় এক সপ্তাহ ধরে নৌ চলাচল বন্ধ রয়েছে।
বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মিয়ানমারের সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপ অংশে মর্টারশেল ও গুলির শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। সেন্টমার্টিন থেকে বঙ্গোপসাগরের অদূরে মিয়ানমার অংশে বড় জাহাজকে যুদ্ধজাহাজ ভেবে ভয়ও পাচ্ছেন তারা।
সংসদে বাজেট প্রসঙ্গে জি এম কাদের বলেন, এ বাজেট জনগণকে হতাশ করেছে। এটা দুবৃত্তায়নের বাজেট। এ বাজেটের মাধ্যমে দুষ্টের পালন আর শিষ্টের দমন করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশ এখন অতিধনীতে বিশ্বের শ্রেষ্ঠ হয়ে গেছে। অন্যদিকে, সাধারণ মানুষ তিনবেলা ভালোমতো খেতে পারেনা।
এর আগে, ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি রংপুর সার্কিট হাউজে এসে পৌঁছলে জেলা ও পুলিশ প্রশাসনসহ দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। তিনি ঈদুল আজহা উদযাপন করতে রংপুর এসেছেন।
বাজেটের নামে করের বোঝা চাপাচ্ছে আওয়ামী লীগ: ফখরুল