জাতীয় সংসদ নির্বাচনের আগে, স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
মঙ্গলবার সকালে এক মতবিনিময় সভায় তারা একথা জানান। এছাড়া, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন না করা, স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদ সদস্যের হস্তক্ষেপ নিষিদ্ধ করাসহ নানা প্রস্তাব তুলে ধরেন বক্তারা।

রাজধানীর গুলশানে একটি হোটেলে গভার্নেন্স এডভোকেসি ফোরামের আয়োজনে রাজনৈতিক দলসমূহের সাথে মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন; কোনটি আগে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানা হিসাব নিকাশ। এই মতবিনিময় সভায় জাতীয় নির্বাচনের আগের স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতারা।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ইউএনও ও জেলা প্রশাসককে স্যার বলা উচিত নয়; বরং তাদের উচিত জনগণকে স্যার বলা। এমপি সংসদের আইন প্রণয়নে ভূমিকা পালন করবে। স্থানীয় সরকার ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করতে পারবে না।
তবে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না করার পক্ষে মত দিয়েছেন প্রায় সবদলের নেতারা। সেই সাথে স্থানীয় সরকারে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর প্রস্তাব দেন তারা। স্থানীয় নির্বাচনকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা ও নির্বাচনে টাকার খেলা বন্ধ করা এবং জবাবদিহিতা নিশ্চিত করার পক্ষে মত দেন বক্তারা।
সংসদকে গণতান্ত্রিক ও কার্যকর করে গড়ে তোলা গেলে সেটি স্থানীয় পর্যায়েও অবদান রাখতে বলে মনে করেন রাজনীতিবিদরা। সেই সাথে জেলা পরিষদকে শক্তিশালী করার প্রস্তাব দেন বক্তারা।
সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় কমিশন: সিইসি
পারলে দেশে এসে মামলা লড়েন, শেখ হাসিনার উদ্দেশে মির্জা ফখরুল