বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছেই। তারপরও আগামী রমজানের আগেই নির্বাচন সম্পন্ন হবে। আর নির্বাচনে অতন্দ্র পাহারা দেবে জনগণ।
দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির এই সম্মেলন হচ্ছে। শহরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে শনিবার (৩০ আগস্ট) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ।
প্রথম অধিবেশনে জেলার ১০ উপজেলার পাঁচ পৌরসভার মোট ১৫ ইউনিটের ১০১ জন করে সর্বমোট ১৫১৫ জন কাউন্সিলর কাঙ্ক্ষিত সভাপতি, সম্পাদক নির্বাচিত করবেন।
দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোট গ্রহণের মধ্য দিয়ে সম্মেলনে সভাপতি দুই জন প্রার্থী ও সম্পাদক তিন জন প্রার্থীর মধ্যে দুই জন নির্বাচিত হবেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ জাতীয় নেতৃবৃন্দ।
সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
গুম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি জাতির মানবাধিকার চূর্ণ করার ভয়ঙ্কর সংস্কৃতি: সোহেল রানা