দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা এবং এর সম্পাদক মাহমুদুর রহমানের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, ‘আমার দেশ কোনো পত্রিকা না, আর আমি পত্রিকা ছেঁড়ার মতো ভুল করতে পারি না। এটি মূলত জামায়াতের পক্ষে একটি মিথ্যা ন্যারেটিভ তৈরি করার হাতিয়ার।’
রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, তিনি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়ে ফেলেছেন। শেখ হাসিনার পুত্রের (সজীব ওয়াজেদ জয়) সঙ্গে তিনি এক হয়েছেন মর্মে ‘আমার দেশ’ পত্রিকা যে সংবাদ প্রকাশ করেছে, সেটিকে সম্পূর্ণ অসত্য ও মিথ্যাচার বলে অভিহিত করেন তিনি।
তিনি বলেন, আমি শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির মামলায় জেল খেটেছি। আমার কোনো বক্তব্য অপছন্দ হলে রাজনৈতিক প্রতিপক্ষ তা রাজনৈতিক ভাষায় সমালোচনা করতেই পারে, সেই সমালোচনাকে আমি অবশ্যই সাধুবাদ জানাব। কিন্তু ‘আমার দেশ’ কোনো পত্রিকা হয়ে আমাকে ‘নব্য বিএনপি’ বলতে পারে না। সম্পাদক মাহমুদুর রহমানের সেই অধিকার নেই। তিনি আমাকে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক করার মিথ্যা অপবাদ দিতে পারেন না।
ঘটনার পটভূমি উল্লেখ করে রাশেদ খান জানান, তিনি সম্প্রতি জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের তথ্য প্রকাশ্যে এনেছিলেন। তারই পাল্টা ন্যারেটিভ হিসেবে ‘আমার দেশ’ পত্রিকা তার বিরুদ্ধে জয়ের সঙ্গে এক হওয়ার মিথ্যা অভিযোগ সামনে এনেছে।
তিনি আরও বলেন, এই অভিযোগ যদি জামায়াত কিংবা তাদের নেতা গোলাম পরওয়ার নিজে করতেন, তবে আমি রাজনৈতিকভাবেই জবাব দিতাম। কিন্তু জামায়াত ‘আমার দেশ’ পত্রিকার মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানোর অপচেষ্টা করেছে। ফলে একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে আমি বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করেছি এবং সেই অপবাদ ও মিথ্যাকে ছিঁড়ে ফেলেছি।
সাংবাদিকতার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান লেখেন, পত্রিকা হতে হলে সম্পাদকীয় ও সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা মেনে চলা উচিত। কিন্তু ‘আমার দেশ’ সেটির কোনো কিছুই অনুসরণ করে না। এই ধরনের হাতিয়ার ব্যবহার করে কারও চরিত্রহনন করার সুযোগ দেওয়া হবে না।
