ছাদখোলা বাসে করে যাত্রা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে পৌঁছেছে সাফ ট্রফি জেতা বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা।
বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চ্যাম্পিয়নদের ছাদখোলা বাস মতিঝিলে বাফুফে ভবনে পৌঁছায়। সেখানে তাদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
এর আগে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের স্মারক ট্রফিটি নিয়ে বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে গোলাম রব্বানী ছোটনের দল।
বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষ করে বিকেল ৩টা ৩০ মিনিটে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনের উদ্দেশে রওনা হয় সাবিনা খাতুনের দল।
বিমানবন্দর থেকে ছাদখোলা বাসটি যাত্রা শুরু করে কাকলি হয়ে। এরপর মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয় অফিসের পর বিজয় সরণীতে আসে।
সেখান থেকে তেজগাঁও হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে আসে বাসটি। কাকরাইল থেকে হাতের বাঁয়ে- ফকিরাপুল, আরামবাগ এবং মতিঝিল ও শাপলা চত্বর হয়ে বাফুফে এসে পৌঁছেছে সাফজয়ী মেয়েরা।
ছাদখোলা বাসে বাফুফের পথে চ্যাম্পিয়নরা

ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন ফুটবলারদের যাত্রা শুরু হয় বিকেল সাড়ে তিনটায়। বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষ করে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনের উদ্দেশে রওনা হয় সাবিনা খাতুনের দল।
বিমানবন্দর থেকে নারী ফুটবলারদের নিয়ে এই ছাদখোলা বাস রওনা দেয় মতিঝিলস্থ বাফুফে ভবনের দিকে। আগেরদিন এই বাসযাত্রার রোডম্যাপ জানিয়ে দিয়েছিল বাফুফে।
সেই অনুযায়ী বিমানবন্দর থেকে কাকলি হয়ে মহাখালি ফ্লাইওভার ব্যবহার করে জাহাঙ্গীর গেট, পিএমও অফিসের পর বিজয় স্মরণীতে এসে হাতের বাঁয়ে চলে যায় এই বাস।

সেখান থেকে তেজগাঁও হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে পৌঁছান ফুটবলাররা। পরে কাকরাইল থেকে হাতের বাঁয়ে- ফকিরাপুল, আরামবাগ এবং মতিঝিল ও শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে গিয়ে পৌঁছান চ্যাম্পিয়নরা।
‘এই ট্রফি বাংলাদেশের ১৮ কোটি মানুষের’

বিমানবন্দর থেকে বের হওয়ার পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন অধিনায়ক সাবিনা খাতুন। তিনি ট্রফি উঁচিয়ে বলেছেন, ‘এই ট্রফি বাংলাদেশের ১৮ কোটি মানুষের।’
এ সময় বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি, ‘সকলকে ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ।’
তিনি আরো বলেছেন, ‘যদি চার-পাঁচ বছরের পরিশ্রম দেখেন তাহলে দেখবেন সেটার ফল এখন হাতে আছে।’
সংবাদ সম্মেলন করে তবেই বিমানবন্দর ছাড়বেন ফুটবলাররা

দক্ষিণ এশিয়ার সেরা হয়ে সাবিনা খাতুনরা আজ ফিরেছেন দেশে। সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য বিমানবন্দরে সংবাদ সম্মেলনের সময় নির্ধারিত ছিল। তবে বিশৃঙ্খলার মুখে সেটা শুরু হতে দেরি হচ্ছে।
বিমানবন্দরে পা রেখেই কোচ ছোটন ও সাবিনা খাতুনরা বিমানবন্দরে বিশৃঙ্খলার মুখে পড়েন। স্বল্প জায়গায় অনেক বেশি গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে অত্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ, বাফুফে, ক্রীড়া মন্ত্রণালয় সবাই বিষয়টি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হয়৷ ১৫-২০ মিনিট অপেক্ষার পর সবাই বিমানবন্দরের মিডিয়া ব্রিফিং স্থল ত্যাগ করে। তখন জানানো হয়েছিল, বিমানবন্দরে সংবাদ সম্মেলনটি বাতিলই হয়ে গেছে। তবে কিছুক্ষণ পরই আবার শোনা গেছে, সংবাদ সম্মেলন করে তবেই বিমানবন্দর ছাড়বেন ফুটবলাররা।
ট্রফি নিয়ে ছাদখোলা বাসে ওঠার অপেক্ষা সাবিনা-সানজিদারা

সব আনুষ্ঠানিকতা শেষ করে বিমানবন্দরের বাইরে আসার পর লাউঞ্জে হয় ছোট্ট পরিসরের সংবাদ সম্মেলন। যেখানে চ্যাম্পিয়ন ফুটবলাররা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এই সংবাদ সম্মেলন শেষেই তাদের উঠিয়ে নেওয়া হয় বিশেষ প্রস্তুতকৃত ছাদখোলা বাসে।
এই ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে মতিঝিলস্থ বাফুফে কার্যালয়ে যান ফুটবলাররা। তাদের সঙ্গে ছিল মিডিয়া, নিরাপত্তা বাহিনী আরও কতো উৎসুক মানুষ। বাসের ছাদে দাঁড়িয়ে তারা দেখতে পাবেন রাস্তার দুই পাশের হাজার হাজার মানুষ করতালি দিয়ে স্বাগত জানাচ্ছে চ্যাম্পিয়নদের।
সাফ জয়ীদের বরণ করার অপেক্ষায় বাফুফে

বিমানবন্দর থেকে বাঘিনীদের বরণ শুরু হয়, যা শেষ হয় বাফুফেতে এসে। শিরোপা নিয়ে চিরচেনা এই ভবনে উঠবেন তারা। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আগেই।
বাফুফে ভবনে পৌঁছানোর পর দলকে বরণ করে নেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। শুরুতে মেয়েদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তিনি। তারপর এখানে থাকবে রিফ্রেশমেন্ট, থাকবে ফটো-সেশন।
খেলোয়াড়াদের মাসে ৫০ হাজার টাকা সম্মানীর ঘোষণা এলো

নারী সাফ জয়ী দলের সদস্যদের ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি মাসে সম্মানী দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের বেসরকারি সাউথইস্ট ব্যাংক।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ব্যাংকটির চেয়ারম্যান আলমগীর কবির এ সম্মানী দিতে প্রধানমন্ত্রীর অনুমতি প্রার্থনা করেছেন।

ব্যাংকটির সূত্র জানায়, দেশের এই গৌরব অর্জনে ব্যাংকটি জয়ীদের সংবর্ধনা ও আর্থিক সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলকে উৎসাহ ও সামনে আরও ভালো খেলে দেশকে এগিয়ে নিতে সন্মানীর এ অর্থ প্রধানমন্ত্রীকে হস্তান্তরের অনুরোধ করা হয়েছে।
সম্মানী হিসেবে দলে প্রত্যেকে খেলোয়াড়কে আগামী দুই বছর প্রতি মাসে ৫০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে তার উপস্থিতিতে সম্মানী এই টাকা হস্তান্তর করা হবে।
‘জেগে ওঠো বাংলাদেশ’

প্রথমবারের মতো সাফ জয়ী নারীদের বরণ করে নিতে সাজানো হয় ছাদ খোলা দোতলা বাস। আর এই বহরে থাকছে সুসজ্জিত আরো তিনটি পিকআপ। এর চারপাশে লাগানো হয়েছে ব্যানার।
আয়োজকরা জানান, ভাড়া করা এসব পিকআপে বসানো হয়েছে সাউন্ড সিস্টেম। এছাড়া আছে ব্লাস্টার।
এছাড়া স্বাগত জানাতে পথের বিভিন্ন জায়গায় ঝুলছিল ব্যানার ও ফেস্টুন। সেখানে লেখা, অভিনন্দন চ্যাম্পিয়ন্স। পিকআপে গান বাজবে, জ্বলে ওঠো বাংলাদেশ, জেগে ওঠো বাংলাদেশ।
মুখ মিষ্টি করে ছাদখোলা বাসে শহর ঘুরবে সাফ চ্যাম্পিয়নরা

বিমানবন্দরে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে নারী ফুটবলারদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ।
এরপর ছাদখোলা বাসে উঠে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের উদ্দেশে যাত্রা করেন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল।

তারা কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবনে যান।
বিমানবন্দরে জনতার ঢল

বিজয়ী নারীদের বরণ করে নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শত শত মানুষ ভিড় করেন। তারা এ জয়ে বেশ প্রফুল্ল।
ফুটবলাররা বিমানবন্দরে প্রবেশের সময় থেকে বাইরে এবং ভেতরে উচ্ছাসে ফেটে পড়ে আসা এখানে অপেক্ষমান দর্শনার্থীরা। এসময় ‘জয় বাংলা’, ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগান দিতে দেখা যায়।
স্লোগান ছাড়াও বাংলাদেশের পতাকা নিয়ে উড়িয়েছেন অনেকেই। বিমানবন্দরে সংবর্ধনা দিতে এসেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
তাছাড়া ফুল হাতে সংবর্ধনা দিতে এসেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নারী খেলোয়াড়রা।
দেশে ফিরলো ইতিহাসগড়া নারীরা

দেশে ফিরেছেন সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। সব আনুষ্ঠানিকতা শেষে বেলা সাড়ে ১২টায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে পাড়ি জমান তারা।

এরপর বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কৃষ্ণা-শামসুন্নাহাররা।
কৃষ্ণা-শামসুন্নাহারদের ৫০ লাখ টাকা পুরস্কার দিচ্ছে বিসিবি

প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ায় সাবিনাদের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা নারী জাতীয় ফুটবল দলকে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে।
সোমবার সাফ ফাইনালে বাংলাদেশ স্বাগতিক নেপালকে হারিয়েছে ৩-১ গোলে। এই জয়ে পুরস্কারের ঘোষণা দিয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘অসাধারণ নৈপুণ্য ও ঐতিহাসিক অর্জনে নারী ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের এই কীর্তির মর্যাদা দিতে ও সমর্থনে আমি পুরো দলকে বিসিবির পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’
একাত্তর/আরএ/এসজে
