সাফ চ্যাম্পিয়নশিপে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ শক্তিশালী লেবানন। র্যাংকিংয়ে যারা ৯৩ ধাপ এগিয়ে। বাংলাদেশ দলের লক্ষ্য এক পয়েন্ট। লেবাননের শক্তি আর দুর্বলতা অনুযায়ী গেম প্ল্যান সাজাবেন কোচ হাভিয়ের কাবরেরা।
বৃহস্পতিবার ব্যাঙ্গালোরে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে খেলা। এমন সমীকরণে প্রশ্ন উঠছে, লাল-সবুজরা করতে পারবে তো শুভ সূচনা?
কঠিন এক অভিযান। বিস্তর দুই দলের মাঝে ব্যবধান। আসরের সবচেয়ে শক্তিশালী দল লেবানন। ওদের বিপক্ষে বাজি রাখতে হবে জীবন।
বারো বছর আগের বিশ্বকাপ বাছাই থেকে জামালরা খুঁজে নিয়েছে অনুপ্রেরণা। অ্যাওয়ে ম্যাচে এক হালি গোল হজম করলেও হোমে লেবাননকে ২-০ তে হারিয়ে দিয়েছিল বাংলা।
২০০৯ সালে সাফ চ্যাম্পিয়নশিপে সর্বশেষ সেরা চারে খেলেছে বাংলা। এরপর টানা পাঁচবার হতাশা সঙ্গী করে গ্রুপ কিংবা প্রথম পর্বেই শেষ হয়েছে ২০০৩ সালের চ্যাম্পিয়নদের যাত্রা। এবার কি তবে বদলাবে চিত্রটা?
সর্বশেষ পাঁচ ম্যাচে তিন জয়। তারপরও বাংলাদেশ দলের স্বস্তিতে থাকার কথা নয়। কম্বোডিয়ায় প্রস্তুতি ম্যাচে জয় এলেও জামালদের খেলায় সেদিন অনেক দুর্বলতা ফুটে ওঠে।
আরও পড়ুন: শীর্ষে রুট, মোমিনুল ও শান্তর উন্নতি
লেবানন শারীরিকভাবে শক্তিশালী। তবে ওদের সঙ্গী টানা ম্যাচ খেলার ক্লান্তি। ইন্টারকন্টিনেন্টাল কাপে চার ম্যাচ খেলে ভারতে পা রেখেছে ওরা। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ভুটান ও মালদ্বীপ।
একাত্তর/আরএ
