বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংক্রান্ত তদন্ত কমিটির কার্যপদ্ধতি এবং সরকারের প্রজ্ঞাপন নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে সাড়া না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন তদন্তকারীদের আইনি জ্ঞান ও এখতিয়ার নিয়েও।
রোববার (৫ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ অভিযোগ করেন, নিয়মবহির্ভূতভাবে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ওপর তদন্ত চালাচ্ছে মন্ত্রণালয়।
আসিফ মাহমুদ তার পোস্টে তদন্তে না যাওয়ার চারটি কারণ উল্লেখ করেছেন। তিনি বলেছেন, প্রথমত, বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যার ওপর মন্ত্রণালয়ের এই ধরনের তদন্ত করার আইনি অধিকার নেই। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই তদন্তের ফলাফল বা সিদ্ধান্ত আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত, বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। এই অবস্থায় তদন্ত চালানো আদালত অবমাননার শামিল। চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরবর্তী মেয়াদে পদের লোভ দেখাচ্ছেন এবং রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করতে বাধ্য করছেন।
তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হলে আসিফ মাহমুদ তাদের কাছে জানতে চেয়েছিলেন, বিচারাধীন বিষয়ে তারা তদন্ত করতে পারেন কি না। কিন্তু কোনো সদুত্তর পাননি বলে দাবি করেন তিনি।
তদন্ত সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে তিনি কঠোর ভাষায় বলেন, ‘কীভাবে সরকার চালাতে হয়, কীভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না।’
আসিফ মাহমুদ স্পষ্ট জানিয়ে দেন, আইন ও নিয়মবহির্ভূত কোনো প্রক্রিয়ায় তিনি অংশ নেবেন না। তিনি বলেন, ‘আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হবো না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি।’
