গত অক্টোবরের নির্বাচনের পর নতুন সরকার গঠনের লক্ষ্যে একটি ডানপন্থী দলের সঙ্গে জোট চুক্তিতে একমত হয়েছে ইসরায়েলি বিরোধী নেতা গাদি আইজেনকোটের দল। মধ্যপন্থী দল ‘ইয়াশার’ মঙ্গলবার জানায়, আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন ‘ইসরাইল আওয়ার হোম’ দলের সঙ্গে বৈঠকের পর একটি জোট চুক্তি স্বাক্ষরে তারা সম্মত হয়েছে; নির্বাচনের পর এটিই এ ধরনের প্রথম জোট সমঝোতা।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো জোটই ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় নতুন সরকার ছাড়াই গত ১০ নভেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, আর প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন আইজেনকোটকে।
২৮ দিনের ম্যান্ডেট অনুযায়ী সরকার গঠনে আইজেনকোটের হাতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে, যদিও তিনি চাইলে আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারেন। আইজেনকোট ব্যর্থ হলে নেতানিয়াহু সরকার গঠনের সুযোগ পাবেন এবং কেউই সরকার গঠনে সক্ষম না হলে আগামী বছর ফের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নেসেটের ১২০টি আসনের মধ্যে কট্টর ডানপন্থী ও অতি-অর্থোডক্স দলগুলোর সঙ্গে মিলে নেতানিয়াহুর লিকুদ জোটের আসনসংখ্যা ৫৩টি। অন্যদিকে লিবারম্যানসহ বিভিন্ন শরিক মিলে আইজেনকোটের মধ্য-ডানপন্থী ইয়াশার জোটের রয়েছে ৪৮টি আসন। তবে নেতানিয়াহুর কট্টর বিরোধী হিসেবে পরিচিত ইসরায়েলের ফিলিস্তিনি সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর ১৯টি আসন সম্ভাব্য মিত্র হিসেবে আইজেনকোটের পাশে থাকতে পারে। অতীতে নেতানিয়াহুর সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে তাঁর কড়া সমালোচকে পরিণত হয়েছেন লিবারম্যান।
এদিকে আটটি সংসদ আসন পাওয়া বামপন্থী ‘ডেমোক্রেটস’ দল জানিয়েছে, সম্ভাব্য ঐক্য সরকার নিয়ে নেতানিয়াহুর লিকুদের সঙ্গে ইয়াশার নেতার আলোচনার পরিপ্রেক্ষিতে তারা আইজেনকোটের সঙ্গে আলোচনা স্থগিত করছে। ডেমোক্রেটস প্রধান ইয়াইর গোলান জানান, তিনি নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের পক্ষপাতী।
তথ্যসূত্র: আল জাজিরা
কলম্বিয়ায় সুপারমার্কেটে জিম্মি নাটকের অবসান
রাশিয়ার সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা
সিআইএ ও মার্কিন গোয়েন্দা দপ্তরে সাইবার হামলা