দেশে একদিনের ব্যবধানে করোনাভাইরাসে নতুন রোগী শনাক্ত, শনাক্তের হার এবং মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৮ জনে।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯৮ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ২৫৩ জনে।
শনিবার (১২ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১১ হাজার ৮৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ১৮৩টি।
গেলো ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্তের হার এক দশমিক ৭৭ শতাংশ, গতকাল যা ছিল এক দশমিক ৮৬ শতাংশ।
এর আগে গতকাল (১১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর ২৫৭ জন নতুন রোগী আর পাঁচ জনের মৃত্যুর কথা জানিয়েছিল।
এদিকে করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৮২১ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন সুস্থ হয়ে উঠলেন।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৩৭১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯০ লাখ ৬৪ হাজার ২১৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৬১ হাজার ১৫৩টি।
করোনাতে দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৩৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনই পুরুষ। মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের রয়েছেন একজন করে। তিন জনই মারা গেছেন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫৮৬ জন এবং নারী মারা গেলেন ১০ হাজার ৫২২ জন।
আরও পড়ুন: সাবেক কৃষি কর্মকর্তার বাসা থেকে ৫১২ লিটার তেল উদ্ধার
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০ লাখ ৫২ হাজার ৮০২ জনের। সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৮২ লাখ ৪২ হাজার ৬৫০ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৪৫ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৫৯৬ জন।
একাত্তর/আরবিএস
