জমকালো আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের
সিংহাসনে বসার ৭০ বছর পূর্তি উদযাপন। উৎসবের শেষদিন রোববার বাকিংহাম প্যালেসের বারান্দা
থেকে শুভেচ্ছা জানান রানি।
শেষ দিনে শোভাযাত্রা উপলক্ষে রাজপরিবারের তিন প্রজন্মের সদস্যদের নিয়ে বাকিংহাম প্যালেসের ব্যালকনিতে দাঁড়ান রানি এলিজাবেথ। পরে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে পুরো আয়োজনের জন্য ব্রিটেনবাসীকে ধন্যবাদ জানানো হয়।
প্রথা মেনে প্লাটিনাম জুবিলিতে যুক্তরাজ্য ছাড়াও চ্যানেল দ্বীপ, আইল অব ম্যান এবং যুক্তরাজ্যের অঞ্চলগুলোতে প্রায় দেড় হাজার আলোক-সংকেত জ্বালানো হয়। মূল আলোক সংকেতটি জ্বালানো হয় বাকিংহাম প্যালেসে।
এলিজ়াবেথের শাসনকালের ৭০ বছর পূর্তিতে রোববার বাকিংহাম প্রাসাদ চত্বরে এক বিশাল কনসার্টের আয়োজন করা হয়েছিল।
রক ব্যান্ড কুইন, ডায়ানা রস, ব্যান্ড ডুরান ডুরান, রড স্টুয়ার্ট, ক্রেগ ডেভিড, অ্যলিসিয়া কিজ়ের মতো জনপ্রিয় পপ তারকাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য বাকিংহামের সামনে জড়ো হন ২২ হাজারেরও বেশি মানুষ।
জুবিলি অনুষ্ঠানে ছিল বাংলার ছোঁয়াও। জানা গেছে, জুবিলি মার্চে যে সিল্কের পতাকা ও ব্যানার ছিল, তার অধিকাংশই মুর্শিদাবাদ সিল্কের তৈরি। তা ছাড়া, এই পদযাত্রায় অংশ নিয়েছেন ভারতীয় নৃত্যশিল্পীরা। ছিলো ভারত থেকে আনা নানা পুতুল।
সবাই ধরেই নিয়েছিলেন, হাঁটুর ব্যথায় কাবু রানি উইনসর থেকে বাকিংহামে আসতে পারবেন না। কিন্তু সবাইকে চমকে দিয়ে বিকেল সাড়ে চারটের সময়ে বাকিংহামের বারান্দায় এসে দাঁড়ান রানি। পাশে ছিলেন চার্লস ও তার পুত্র উইলিয়ামস।
কনসার্টে তখন গান গাইছেন নতুন প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় ব্রিটিশ গায়ক এড শিরান। রানিকে দেখে তিনি ব্রিটেনের জাতীয় সঙ্গীত শুরু করেন। গলা মেলান হাজার হাজার মানুষ।
একাত্তর/এসএ
