সৌদি এয়ারলাইনসের একটি বিমানে সিঙ্গাপুর পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিন সিঙ্গাপুরেই অবস্থান করবেন তিনি।
এর আগে মঙ্গলবার (১২ জুলাই) রাতে একটি সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। সেখানে একদিন অবস্থানের পরেই দেশজুড়ে বিক্ষোভের মুখে মালদ্বীপ ছাড়তে হলো তাকে।
স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে গোতাবায়াকে বহনকারী বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছায়। এসময় তার সাথে স্ত্রী ও দুই দেহরক্ষী ছিলেন।
গোতাবায়া সিঙ্গাপুরে আসছেন এমন খবর ছড়িয়ে পড়লে বিমানবন্দরে ছুটে আসেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদকর্মীরা।
শ্রীলঙ্কান নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, গোতাবায়া রাজাপক্ষে অল্প কিছু সময়ের জন্য সিঙ্গাপুর থাকবেন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করবেন।

নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণ-আন্দোলনের মুখে গত দেশ ছাড়তে হয় গোতাবায়াকে।
প্রসঙ্গত, ভয়াবহ আর্থিক সংকটের কারণে বিক্ষোভে উত্তাল হয়ে আছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সেখানে জণমনে ক্ষোভের আগুন জ্বলছে। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বেশ চাপে রয়েছেন। এরইমধ্যে তার কার্যালয় দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: ধনকুবের তালিকা থেকে নাম কাটাতে চান বিল গেটস
শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্টে অধিবেশন বসার কথা রয়েছে। গোটাবায়া রাজাপাকসের আনুষ্ঠানিক পদত্যাগপত্র পেলে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থীদের মনোনয়ন প্রস্তাব গ্রহণ করা হবে। প্রেসিডেন্ট নির্বাচনে ২০ জুলাই এমপিরা ভোটাভুটিতে অংশ নেবেন।
একাত্তর/আরএ
