রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার অভিযান স্থগিতের পর দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু হয়েছে। এতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনা বাহিনীও।
মঙ্গলবার (৭ মার্চ) রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিতের পর বুধবার (৮ মার্চ) সকাল ৯টার পর উদ্ধারকাজ শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে সেনা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়।
এর আগে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা জানিয়েছিলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রস্তুত থাকলেও ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আপাতত উদ্ধার কার্যক্রম বন্ধ রয়েছে। পরে সেনাবাহিনী আর বিশেষজ্ঞদলের পরামর্শ অনুযায়ী উদ্ধার কাজ শুরু হবে।
আরও পড়ুন: ঢাকায় বিস্ফোরণ: ঢামেকে ২০, বার্ন ইউনিটে ভর্তি ১১
প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে চারটা ৫০ মিনিটে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাত তলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিতের কথা জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমনি শর্মা।
ওই বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১২০ জন। তাদের মধ্যে বর্তমানে ঢাকা মেডক্যাল কলেজ হাসপাতালে ২০ জন এবং শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইন্সটিটিউটে ১১ জন ভর্তি আছেন।
একাত্তর/এসি
