খাগড়াছড়ির গুইমারা উপজেলার যৌথখামার এলাকায় রাস্তার পাশ থেকে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত আইনাল হক (৪০) গুইমারা উপজেলার মুসলিমপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি উপজেলার সিন্দুকছড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আইনালের মরদেহটি রাস্তার পাশে পরে থাকতে দেখে স্থানীয়রা ইউপি সদস্য উশ্যেপ্রু মারমাকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে গুইমারা থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
নিহতের পরিবার জানায়, দুপুর বেলায় সিন্দুকছড়ি থেকে কাঠ কেনার উদ্দেশ্যে নগদ এক লাখ টাকা নিয়ে বের হন আইনাল হক।
আরও পড়ুন: জামালপুরে বিলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো
