সাভারে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় এক সাবেক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেলের দিকে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত শিক্ষক গোলাম কিবরিয়া (৪৩) সাবেক স্কুল শিক্ষক এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত শুকুর মুন্সির ছেলে।
স্থানীয়রা জানায়, গোলাম কিবরিয়া সাভার মডেল স্কুলের সাবেক শিক্ষক ছিলেন। কর্মজীবন শেষে তিনি বাসাতেই প্রাইভেট পড়াতেন। তিনি ওই বাসার একটি রুমে একাই থাকতেন বলে জানান তারা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন: স্ত্রীর প্রেমিকের কাঁচির আঘাতে প্রবাসীর মৃত্যু
তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে বলেও জানান ওসি।
একাত্তর/জো
