রণপা, মানুষের তৈরি উচুঁ কৃত্রিম পা। খুব উঁচু দুটি বাঁশের লাঠির ডগায় জুতা ও হাতল লাগানো থাকে, যাতে মাটি থেকে অনেক উপরে হাঁটা যায়। প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী সেই রণপা ফিরয়ে আনার চেষ্টা করছে গাজীপুরের বাসিন্দা হানিফ মিয়া।
সেখানে প্রতিদিন গ্রামের শিশু–কিশোর তরুণদের হারিয়ে যাওয়া 'রণপা' চলা শেখানো হচ্ছে। আর এতে উচ্ছ্বসিত হচ্ছেন ও আনন্দ উপভোগ করছেন এলাকাবাসী।
আগেই বলা হয়েছে রণপা বিশেষভাবে বাঁশের তৈরি কৃত্রিম এক জোড়া পা। এতে স্বাভাবিকের তুলনায় বেশ উঁচুতে উঠে হাঁটা যায়। তবে এই চলা রীতিমত অনুশীলন করে শিখতে হয়।
রণপা দিয়ে গাজীপুরের ইজ্জতপুরে এসে নানা বয়সীর মানুষকে হাঁটাচলার কাজ শিখাচ্ছেন বরিশালের ৬৫ বছর বয়সের বৃদ্ধ হানিফ মিয়া।
তিনি জানান, কয়েক বছর আগে টেলিভিশনে একটি সিনেমায় বাঁশের লাঠিতে পা রেখে একজন মেয়েকে হেঁটে যেতে দেখেছিলেন।
দৃশ্যটি তাঁর ভালো লাগার পরই বাঁশের লাঠি সংগ্রহ করে নিজে প্রথমে সেভাবে হাঁটার চেষ্টা করেন। বেশ কয়েক দিন চেষ্টার পর সফল হন তিনি।
এরপর নিজের হাতে বাঁশের লাঠি বানিয়ে লোকজনকে রণপা হাঁটা শেখানো শুরু করেন হানিফ। শুরুতে এনিয়ে কিছুটা বিদ্রূপের শিকার হলেও দমে যাননি তিনি।
আরও পড়ুন: রংপুরের সীমান্তে পশুর হাট, বাড়াচ্ছে সংক্রমণের ঝুঁকি
এখন ইজ্জতপুর রেলস্টেশনের পাশে একটি মাঠে হানিফ মিয়ার কাছে রণপা দিয়ে হাঁটার তালিম নেয় ছোট ছেলে-মেয়েরা। কেউ কেউ সকাল–বিকেল হানিফের সঙ্গে পা মেলান।
এলাকাবাসী জানান, হানিফের এই উদ্যোগ এলাকায় খুব জনপ্রিয়। বর্তমানে তার ছাত্রের সংখ্যা ২০ জনের বেশি। সময়ের সঙ্গে এই সংখ্যা আরো বাড়ছে।
একাত্তর/আরবিএস
