বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হতে যাচ্ছেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর।
তবে তাকে গভর্নর হিসেবে নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকের আইন পরিবর্তন করতে হবে। এ জন্য আইনে প্রয়োজনীয় সংশোধনীর উদ্যোগও নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি সূত্র এসব তথ্য জানিয়েছে।
বর্তমান আইন অনুযায়ী সর্বোচ্চ ৬৭ বছর বয়সী কোনো ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ করা যায়। কিন্তু আহসান এইচ মনসুরের বয়স ৭২ বছরের বেশি। সে কারণে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি সূত্র জানিয়েছে, গভর্নর নিয়োগে বয়সের সীমা তুলে দেওয়ার প্রস্তাব প্রধান উপদেষ্টার বিবেচনার জন্য পাঠানো হচ্ছে। প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়া গেলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি এই প্রস্তাব অনুমোদন করলে অধ্যাদেশ আকারে তা জারি করা হবে।
ওই সূত্রটি জানিয়েছে, সব প্রক্রিয়া মঙ্গলবারই সম্পন্ন হতে পারে।
অর্থনীতি বিশ্লেষক হিসেবে সুপরিচিত আহসান এইচ মনসুর বর্তমানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালকের দায়িত্বে আছেন। এর আগে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগের দাবিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেন। এর জেরে গত গত ৯ আগস্ট পদত্যাগ করেন আব্দুর রউফ তালুকদার।
এরপর সোমবার ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, খুরশিদ আলম, বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের পদত্যাগ করেন।
এখন মূল্যস্ফীতি ও জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ পাবে: ড. সালেহউদ্দিন