মহান বিজয় দিবসে ক্রিকেট থেকে এলো দুটো সুখবর। সোমবার বিজয় দিবসের সকালে প্রথম আনন্দের খবরটি দেয় ছেলেদের জাতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-টোয়েন্টিতে হারিয়েছে তারা। এর পর বিকেলে আরেকটি সুখবর দিলো বাংলাদেশের মেয়েরা।
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে তারা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বৃষ্টির বাগড়ায় ১৭ ওভারে নেমে আসে ম্যাচ। টস হেরে বাংলাদেশ তুলতে পারে ৯ উইকেটে ১২২ রান। সর্বোচ্চ ২৫ বলে ৩ ছক্কায় ৩১ রান করেছেন সাতে ব্যাট করতে নামা সাদিয়া আক্তার।
ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শূন্য রানে প্রথম উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে দল। তবে সাদিয়া আক্তারের ২৫ বলে ৩১ রানের ইনিংস দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। এছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪ এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন।
১২৩ রানের লক্ষ্য নেমে শ্রীলঙ্কার ব্যাটাররা শুরু থেকেই বিপাকে পড়েন। অধিনায়ক সুমাইয়া ফারজানা বল হাতে দারুণ পারফরম্যান্স করেন, মাত্র ১২ রানে ৩টি উইকেট নেন তিনি। ফারজানা এবং নিশিতা আক্তার ২টি করে উইকেট তুলে নেন। শ্রীলঙ্কার ওপেনার সানজানা কাভিন্দি ১৩ বলে সর্বোচ্চ ২১ রান করেন।
শ্রীলঙ্কার ইনিংসের মাঝেই স্পষ্ট হয়ে যায়, বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তারা বড় চ্যালেঞ্জ নিতে পারবে না। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে। এদিকে ‘এ’ গ্রুপে শক্তিশালী দল হিসেবে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল।
প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলার সুযোগ পাবে। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সব ম্যাচই কুয়ালালামপুরের বায়োইমাস ক্রিকেট ওভাল মাঠে অনুষ্ঠিত হবে।
বিজয়ের দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়