দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর তাণ্ডব থামছেই না। দিন যত যাচ্ছে, মৃত্যুর মিছিল এবং হাসপাতালে নতুন রোগীর সংখ্যা ততই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে দুজন চট্টগ্রামের এবং বাকি চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪৩১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাইরে ভর্তি হয়েছেন ২৮১ জন রোগী।
ঢাকার বাইরে বিভাগভিত্তিক হিসেবে খুলনায় সবচেয়ে বেশি ৩৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশালে ২৫২ জন, চট্টগ্রামে ২৩২ জন, রাজশাহীতে ১৪১ জন, ময়মনসিংহে ৭৫ জন, রংপুরে ৫১ জন এবং সিলেটে ৭ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বছরের মাঝামাঝি সময় থেকে ডেঙ্গুর কোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বর থেকে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে, যেখানে ওই এক মাসেই ১৪৮ জন প্রাণ হারান। আর চলতি অক্টোবরের এই কয়েক দিনেই মারা গেছেন ১৩২ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত মোট ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে, যাদের মধ্যে ১ লাখ ১৫ হাজার ১৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর আক্রান্তদের মধ্যে পুরুষ রোগী বেশি হলেও (৬২.১ শতাংশ) মৃত্যুর পরিসংখ্যানে নারীদের হার সবচেয়ে বেশি, প্রায় ৫৩ শতাংশ।
বিশ্বজুড়ে হাইব্রিড যুদ্ধ, প্রধান গণমাধ্যমকেও সতর্ক হতে হবে: তিতুমীর
জাতিসংঘ দিবসে বহুপক্ষীয় কূটনীতি ও বিশ্বশান্তির বার্তা প্রধানমন্ত্রীর