ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার আবেদন সংক্রান্ত খবরের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর সাফ জানান, হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি চাওয়ার ঘটনাটি কেবলই রাজনৈতিক স্টান্টবাজি ছাড়া আর কিছুই নয়। তিনি কখনোই দেশে ফিরবেন না। একই সাথে, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনার তথাকথিত আত্মসমর্পণের ইচ্ছা বা প্রসিকিউশনের পরবর্তী পদক্ষেপের বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও বর্তমানে ভারতে স্বেচ্ছানির্বাসে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে একটি চিঠির সূত্রে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে উক্ত প্রতিবেদনে দাবি করা হয়।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের ১৭ নভেম্বর ঐতিহাসিক এক রায় ঘোষণা করেন। ওই রায়ে একটি অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।
এর পাশাপাশি অন্য আরেকটি গুরুতর অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পরবর্তীতে চলতি বছরের (২০২৬) ১৩ জানুয়ারি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে ৪৫৭ পৃষ্ঠার ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রায়ের পর থেকেই দণ্ডপ্রাপ্ত এই আসামীকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার প্রশাসনিক ও আইনি দাবি জোরদার হয়েছে।
নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স