চলমান যুদ্ধের অবসান ঘটাতে এবার কূটনৈতিক প্রচেষ্টার সামনের সারিতে চলে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই সংকট নিরসনে তিনি ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাইয়ের সঙ্গে সরাসরি বা মুখোমুখি বৈঠকে বসার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
মার্কিন ও মধ্যপ্রাচ্যের একাধিক কর্মকর্তা এবং আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বুধবার প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তাঁর জ্যেষ্ঠ উপদেষ্টা ও বিদেশি সমকক্ষদের জানিয়ে দিয়েছেন যে, তেহরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করার বিষয়ে ভ্যান্সের উদ্যোগে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। শুধু তাই নয়, ইরানের সঙ্গে দর-কষাকষি চালিয়ে যাওয়ার জন্য ভ্যান্সকে আনুষ্ঠানিক অনুমোদনও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
জানা গেছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাইয়ের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়ে গত অক্টোবরেই একটি চিঠি পাঠিয়েছিলেন জেডি ভ্যান্স। তবে কূটনৈতিক তৎপরতা চললেও এখন পর্যন্ত সেই বহুল প্রতীক্ষিত বৈঠকের কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
আশার আলো দেখা দিলেও এই কূটনৈতিক প্রচেষ্টার সামনে বেশ কিছু বড় বাধা রয়ে গেছে। ইরানি কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, আনুষ্ঠানিক আলোচনায় বসার আগে ওয়াশিংটনকে অবশ্যই তাদের নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে, জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করতে হবে এবং তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে হবে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সংকট নিরসনে মধ্যস্থতাকারীরা একটি সমঝোতা প্রস্তাব সামনে এনেছেন। ওই প্রস্তাব অনুযায়ী, বড় ধরনের হামলার ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরীগুলোকে আরও দূরে সরিয়ে নেবে এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ শিথিল করবে। এর বিনিময়ে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে ২৫টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দেবে। এখন দেখার বিষয়, পর্দার আড়ালের এই কূটনীতি শেষ পর্যন্ত মুখোমুখি বৈঠক ও যুদ্ধবিরতিতে রূপ নেয় কি না।
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, বাতিল ১০ হাজার ফ্লাইট
যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ ‘কাগুজে বাঘ’প্রমাণিত হয়েছে: ইরানি জেনারেল