ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার দ্বিতীয় দিনে উড়াল সড়কটি ব্যবহার করেছে ২৭ হাজারের বেশি গাড়ি। আর এসব গাড়ি থেকে টোল আদায় হয়েছে প্রায় ২২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় চার লাখ টাকার মতো বেশি।
মঙ্গলবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এএইচএমএস আখতার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় (চার সেপ্টেম্বর ভোর ছয়টা থেকে পাঁচ সেপ্টেম্বর ভোর ছয়টা পর্যন্ত) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠেছে মোট ২৭ হাজার ১২১টি।
এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেটের পথে ১৪ হাজার ৩০০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ৩ হাজার ১০৫টি গাড়ি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে ২ হাজার ৯৪৪টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৬ হাজার ৭২৮টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে। এসব গাড়ি থেকে মোট টোল আদায় হয়েছে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা।
এর আগে রোববার এ উড়াল সড়ক থেকে টোল আদায় হয় ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা। সেদিন যান চলাচল করে ২২ হাজার ৮০৫টি।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ উড়াল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার সকাল ছয়টা থেকে সড়কটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়।
উড়াল সড়কের টোল নির্ধারণ করে কয়েকদিন আগে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ফেজের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
