ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে সোমবারও বন্ধ ছিল ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বেশকিছু বিমানের ফ্লাইট। যার মধ্যে ছিলো আবুধাবি, দুবাই, কুয়েত, কাতারসহ আরও কিছু ফ্লাইট।
সোমবার (২ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর পর্যন্ত বাতিল করা হয় ৩৯ টি ফ্লাইট। এ নিয়ে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়ালো ১০২।
এদিকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট বন্ধ থাকায় বিমানবন্দরে তুলনামূলক ভিড় ছিলো কম। তবে যারা এসেছেন, গন্তব্যে পৌঁছাতে পারা নিয়ে তাদের মধ্যেও রয়েছে সংশয়। অনেকের আবার ফ্লাইট থাকলেও স্ক্রিনে নেই উড্ডয়নের নির্দিষ্ট সময়। এরইমাঝে অনেকে আবার বিপাকে পড়েছেন রিটার্ন টিকেটে ভিসার মেয়াদ শেষ হয়ে আসায়। তাই বাধ্য হয়ে কেটেছেন অন্য এয়ারলাইনসের টিকেট।
রোববার (১ মার্চ) সারাদিনে বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪০টিতে। এদিন এয়ার অ্যারাবিয়ার আটটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, এমিরেটসের পাঁচটি, ফ্লাইদুবাইয়ের চারটি, ইউএস-বাংলার চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া জাজিরা এয়ারওয়েজ, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, সালাম এয়ার ও কুয়েত এয়ারওয়েজের দুটি করে ফ্লাইট বাতিল করা হয়।
