বিদ্যমান ব্যাটারিচালিত রিকশাগুলোকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্বীকৃত কাঠামোতে রূপান্তরের জন্য দুই বছর সময়সীমা নির্ধারণসহ ৯ দফা দাবি জানিয়েছেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতারা।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সংগঠনের নেতারা এসব দাবি তুলে ধরেন।
সমাবেশে বক্তারা সরকারের প্রস্তাবিত খসড়া বিধিমালা নিয়ে সংশয় ও ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, প্রস্তাবিত বিধিমালায় ই-রিকশার এককালীন নিবন্ধন ফি এবং বার্ষিক নবায়ন ফি অত্যন্ত ব্যয়বহুল ধরা হয়েছে, যা সাধারণ চালক ও মালিকদের সাধ্যের বাইরে। এ ফি অবিলম্বে পুনর্নির্ধারণের জোর দাবি জানান নেতারা।

এছাড়া ই-রিকশা চালকদের প্রশাসনিক লাইসেন্স দেওয়ার পাশাপাশি এই যানবাহনের ফিটনেস পরীক্ষা ও উৎপাদনপ্রক্রিয়া যাচাইকরণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) সরাসরি সম্পৃক্ত করার আহবান জানানো হয়।
চার্জিং স্টেশন সংক্রান্ত নীতিমালার বিষয়ে নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, চার্জিং স্টেশনে সৌরবিদ্যুৎ ব্যবহার বাধ্যতামূলক করা হলে ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবসা পরিচালনায় চরম সঙ্কটে পড়বেন। একই সঙ্গে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সুবিধাজনক স্থানে ব্যাটারিচালিত যানবাহনের জন্য সরকারি-বেসরকারি উদ্যোগে চার্জিং স্টেশন স্থাপনের বিষয়টিকে বিধিমালায় স্পষ্ট করার প্রস্তাব দেন তারা।
