নওগাঁয় চলতি বোরো কাটা-মাড়াইয়ের ভরা মৌসুমে থেমে নেই ধান-চালের দামের ঊর্ধ্বগতি। সপ্তাহের ব্যবধানে জেলায় প্রতি মণ ধানের দাম বেড়েছে প্রায় ১০০ টাকা।
স্থানীয় ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনিক নজরদারির অভাবে নওগাঁর মিল ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজার থেকে ধান মজুদ করে চাল উৎপাদন করছে না। ফলে জেলায় পাইকারি ও খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে ছয় থেকে সাত টাকা।
জানা গেছে, নওগাঁয় প্রায় এক হাজার ১০০ চাল কল থেকে প্রায় ১৭ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়ে থাকে।
নওগাঁ পৌর ক্ষুদ্র চাল ব্যবসায়ী সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, প্রশাসনিক সঠিক নজরদারির অভাবে জেলার বড়ো বড়ো মিল ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে ধান-চালের বাজার নিয়ন্ত্রণ করে অতিরিক্ত মুনাফা লাভ করছেন। অবৈধ মজুদদারের বিরুদ্ধে অভিযান চালালেই বাজার নিয়ন্ত্রণ আসবে।
তবে জেলা চাল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এমন অভিযোগ অস্বীকার করে বলেন, মিলাররা তাদের মিল চালু রাখতে কিছু মজুদ করে। তবে অবৈধ মজুদ করে না। প্রাকৃতিক দুর্যোগে দেশে খাদ্য উৎপাদন কম হওয়া ছাড়াও দেশে প্রোপাগান্ডা চালের দাম বৃদ্ধিও অন্যতম কারণ।
এদিকে নওগাঁয় চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পরেছেন নিম্ন আয়ের মানুষ। তার দ্রুত এর সমাধানে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে নওগাঁ জেলা প্রশাসক খালেদ মেহেদী জানান, গত সপ্তাহে মিল মালিকদের সঙ্গে বৈঠক করেছি। বাজারে যাতে কৃত্রিম সঙ্কট তৈরি না হয় সে ব্যাপারে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।
আরও পড়ুন: সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায় স্বীকার
ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, জেলা প্রশাসন এ ব্যাপারে খোঁজ রাখছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/এসি
