নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ব্যাটারীচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে গেলে অটোচালকের মৃত্যু হয়।
বুধবার (১৩ জুলাই) দুপুর একটার দিকে উপজেলার রাজীবপুর পূর্বপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত অটোচালক আবুল কাশেম (৫০) উপজেলার গঞ্জরিয়া গ্রামের আবিদ মিয়ার বাড়ির হায়দার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে অটোরিকশা চালানোর সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে কাশেম রাস্তার পাশের ডোবায় গাড়িসহ পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, অটোচালক কাশেম গাড়ি চালানো অবস্থায় স্ট্রোক করে। ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একাত্তর/জো
