নীলফামারীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য মহিদুল ইসলাম (২৬) নিহত হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা গ্রামের সোনারডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিদুল ইসলাম যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। ১৫ দিনের ছুটিতে গত শনিবার নিজ বাড়িতে আসেন মহিদুল ইসলাম। তিনি নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি রামকলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক মো. আব্দুর রউপ।
প্রত্যক্ষদর্শীদের বারতে নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক মো. আরমান হোসেন জানান, মহিদুল ইসলাম মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভুল্লি বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় পথে একটি ভুট্টা বোঝাই ট্রাক্টরকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. জুলফিকার আলী বলেন, দুপুর সোয়া একটার দিকে হাসপাতালে আনা হয় ওই রোগীকে। হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।
নিহত সেনা সদস্যের প্রতিবেশী সিরাজ উদ্দিন জানান, ১৫ দিনের ছুটিতে গত শনিবার বাড়িতে আসেন মহিদুল ইসলাম। ছুটি শেষে যশোর সেনানিবাস থেকে তার বদলী হয়ে ঢাকা সেনানিবাসে যোগদানের কথা ছিলো। দুপুরে দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভুল্লি গ্রাম থেকে তার মা জান্নাতী বেগমকে মোটরসাইকেলে আনতে যাওয়ার সময় পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
আরও পড়ুন: এটিএম কার্ড ছিনিয়ে বুথ থেকে টাকা উত্তোলন, চারজন গ্রেপ্তার
নীলফামারী সদর থানার পরিদর্শক আব্দুর রউপ বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একাত্তর/আরএ
